২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইউনিপে টু ইউ’র নেওয়া অর্থ ফেরত দাবি

নোয়াখালীতে এমএলএম কোম্পানি ইউনিপে টু ইউ’র ‘হাতিয়ে নেওয়া’ অর্থ ফেরত চেয়েছেন ক্ষতিগ্রস্তরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 May 2012, 03:18 PM

Updated : 24 Aug 2022, 11:25 AM

নোয়াখালী, মে ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নোয়াখালীতে এমএলএম কোম্পানি ইউনিপে টু ইউ’র ‘হাতিয়ে নেওয়া’ অর্থ ফেরত চেয়েছেন ক্ষতিগ্রস্তরা। শনিবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে তারা মানববন্ধন ও সমাবেশ করেন। ঘণ্টাব্যাপী মানববন্ধন শেষে স্থানীয় একটি হোটেলে সংবাদ সম্মেলন করে ক্ষতিগ্রস্তদের সংগঠন ইউনিপে মেম্বারস ক্লাব লিমিটেড। সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি মো. সরওয়ার মোর্শেদ, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বখতিয়ার, নির্বাহী সদস্য মামুনুর রশিদ, বৃহত্তর নোয়াখালী জেলা সভাপতি ইয়াসিন আরাফাত, সহ-সভাপতি অপু রায় ও সাধারণ সম্পাদক হাফিজ আবদুল আলিম। সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, নোয়াখালীতে দুই হাজার দুইশ’ গ্রাহকের কাছ থেকে ১২ কোটি টাকা হাতিয়ে নিয়েছে ইউনিপে টু ইউ। অর্থ ফেরত না পেয়ে অনেকে আত্মহত্যা করেছে বলেও তারা দাবি করেন। ইউনিপে টু ইউ বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিষদের অনেকের নামে বিভিন্ন থানায় মামলা ও গ্রেপ্তারি পরোয়ানা জারি হলেও তারা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে বলে তারা অভিযোগ করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এইচএএইচ/ডিডি/২১১৩ ঘ.