ঢাকা, মে ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মায়ানমারের সঙ্গে সমুদ্রসীমা জয়ে সন্তোষ প্রকাশ করলেও এ স¤প্রসারিত অঞ্চলের প্রকৃতিক সম্পদ যেন বেহাত না হয় সে ব্যাপারে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন অধ্যাপক আনু মুহাম্মদ।
বাংলাদেশ-মায়ানমার সমুদ্রসীমা নিষ্পত্তির অভিজ্ঞতা কাজে লাগালে ভারতের সঙ্গে মামলার রায়ও দেশের অনুকূলের আসার সম্ভাবনা রয়েছে বলে মনে করেন তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির সদস্য সচিব।
জার্মানির হামবুর্গের সমুদ্র আইন বিষয়ক আন্তর্জাতিক ট্রাইব্যুনাল-আইটিএলওএস গত ১৪ মার্চ বঙ্গোপসাগরে বাংলাদেশের এক্সক্লুসিভ ইকোনমিক জোন দুইশ নটিক্যাল মাইল পর্যন্ত বিস্তারের পক্ষে রায় দেয়।
একই আদালতে ভারতের সঙ্গে বাংলাদেশের সমুদ্রসীমা নিষ্পত্তির জন্যও মামলা রয়েছে, যার রায় ২০১৪ সালে হওয়ার কথা।
শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক অনুষ্ঠানে আনু মুহাম্মদ বলেন, “মায়ানমারের অভিজ্ঞতা কাজে লাগালে ভারতের সঙ্গে মামলার রায়ও বাংলাদেশের অনুকূলে আসার সম্ভাবনা রয়েছে। তবে সমুদ্র জয়ের পর দেশের সরকার এবং জনগণের পাশাপাশি বহুজাতিক কোম্পানিগুলোও উল্লাস করছে। সাম্প্রতিক সময়ে বাংলাদেশের অনেক বিদেশি শুভানুধ্যায়ীর জন্ম হয়েছে।”
“চারদিকের এত ভালোবাসা বিপদের লক্ষণ। বঙ্গোপসাগরের এই সম্পদ যেন কেউ কুক্ষিগত করতে না পারে সে ব্যাপারে আমাদের সতর্ক থাকতে হবে। এছাড়া বঙ্গোপসাগরের এ এলাকাটি প্রাকৃতিক সম্পদের পাশাপাশি প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে আধিপত্য
বিস্তারের জন্যও অত্যন্ত গুরুত্বপূর্ণ,” যোগ করেন আনু মুহাম্মদ।
বিকালে বিশ্ববিদ্যালয়ের আর সি মজুমদার আর্টস মিলনায়তনে ‘সমুদ্রসীমা সংক্রান্ত ১৪ মার্চের রায় সম্প্রসারিত সার্বভৌমত্বে জনগণের মালিকানা’ শীর্ষক এ আলোচনা সভার আয়োজন করে সাংস্কৃতিক সংগঠন ‘সংস্কৃতির নয়া সেতু’।
অনুষ্ঠানে পররাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. খোরশেদ আলম বলেন, “অনেকেই সমালোচনা করে বলেন আমরা আদালতে ঠকে এসেছি, কিন্তু কী করলে বাংলাদেশ আরো বেশি লাভবান হতো এ বিষয়ে কিছুই বলতে পারছেন না তারা।”
আন্তর্জাতিক আদালতে বিষয়টি নিষ্পত্তির জন্য রাজনৈতিক সিদ্ধান্তের প্রশংসা করে তিনি বলেন, রাজনৈতিকভাবে সিদ্ধান্ত না নেয়া হলে বাংলাদেশের জন্য উচ্চ সম্ভাবনার এ দুয়ার উন্মোচিত হতো না।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. মো. হাবিবুর রহমান বলেন, ভারতের সঙ্গে মামলার বিষয়ে আমাদের অনেক ভেবেচিন্তে অগ্রসর হতে হবে। তারা অনেক বুদ্ধিমান প্রতিবেশী, তাই এ ক্ষেত্রে বাংলাদেশকে তার সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে লড়তে হবে।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সমুদ্র অঞ্চল ও সম্পদ রক্ষা জাতীয় কমিটির আহ্বায়ক নূর মোহাম্মদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক মো. রমজুল হক, ফলিত পদার্থ বিজ্ঞান বিভাগের ড. জাহিদ হাসান মাহমুদ প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচএ/সিএস/ডিডি/০০০০ ঘ.
bdnews24