২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঝড়ের মধ্যে ৩শ’ যাত্রী নিয়ে লঞ্চের তলায় ফাটল

মুন্সীগঞ্জের ধলেশ্বরীতে ঝড়ের কবলে পড়ার পর বরিশালগামী কোকো-১ লঞ্চের তলা ফেটে গেলে জীবনশঙ্কায় পড়েন তিন শতাধিক যাত্রী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 May 2012, 05:46 AM

Updated : 24 Aug 2022, 11:25 AM

মুন্সীগঞ্জ, মে ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অল্পের জন্য প্রাণে বেঁচে গেছেন বরিশালগামী কোকো-১ লঞ্চের তিন শতাধিক যাত্রী। বৃহস্পতিবার রাতে মুন্সীগঞ্জে ঝড়ের কবলে পড়ে মাস্টার লঞ্চটি চরে উঠিয়ে দিলে এর তলা ফেটে যায়। ফেরার পথে পানি ওঠা শুরু করলে আতঙ্ক গ্রাস করে যাত্রীদের। পরে আরেকটি লঞ্চ গিয়ে যাত্রীদের নিরাপদে সরিয়ে আনে। কোকো-১ এর মাস্টার আবুল কালাম জানান, বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টায় সদরঘাট টার্মিনাল থেকে বরিশালের পাতারহাটের উদ্দেশ্যে রওয়ানা দেন তারা। রাত সাড়ে ৯টার দিকে মুন্সীগঞ্জের ধলেশ্বরী নদীতে পৌঁছানোর পর তারা ঝড়ের মুখে পড়েন। এ সময় সাবধানতার জন্য লঞ্চ মুক্তারপুরের চরে উঠিয়ে দেন মাস্টার। ঝড় থেমে যাওয়ার পর রাত ১০টার দিকে গন্তব্যের উদ্দেশ্যে রওনা হওয়ার পরপরই লঞ্চের তলা দিয়ে পানি উঠতে থাকে। এ সময় আতঙ্কিত যাত্রীরা চিৎকার শুরু করলে চর মুক্তারপুরের কাছে শাহ সিমেন্ট কারখানার কাছে নোঙর করে রাখা হয় লঞ্চটি। পরে সদরঘাট থেকে এমভি কোকো-৫ নামে আরেকটি লঞ্চ গিয়ে রাত ১টার দিকে কোকো-১ এর যাত্রীদের উদ্ধার করে। মুন্সীগঞ্জ সদর থানার ওসি আবুল বাশার জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে যাত্রীদের নিরাপদে সরিয়ে নেওয়ার বিষয়টি তদারকি করেছে। মাস্টার আবুল কালাম বলেন, “জুট (মোট কাপড়) দিয়ে তলা বন্ধ করে রাখা হয়েছে। পাম্প দিয়ে পানি সেচে ফেলা হয়েছে। এখন আর তেমন পানি উঠছে না। দিনের বেলায় ডকে নিয়ে লঞ্চটি মেরামত করা হবে।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেকে/১১৩৫ ঘ.