২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘সাকা’ শুনে ক্ষেপে ওঠা

যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালে এক সাক্ষী ‘সাকা চৌধুরী’ বলায় ক্ষেপে উঠে তাকে ‘বেয়াদব’ বলেছেন এই বিএনপি নেতা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 May 2012, 05:08 PM

Updated : 24 Aug 2022, 11:25 AM

ঢাকা, মে ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালে এক সাক্ষী ‘সাকা চৌধুরী’ বলায় ক্ষেপে উঠে তাকে ‘বেয়াদব’ বলেছেন এই বিএনপি নেতা। বিচারপতি নিজামুল হক নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বৃহস্পতিবার সাক্ষী মোহাম্মদ সলিমুল্লাহকে লক্ষ্য করে এই উক্তি করেন সালাউদ্দিন কাদের। মানবতাবিরোধী ২৩টি অভিযোগে বিচারের সম্মুখীন সালাউদ্দিনের বিরুদ্ধে সলিমুল্লাহ ট্রাইব্যুনালে দ্বিতীয় সাক্ষী। আদালত মধ্যাহ্ন বিরতিতে যাওয়ার ঠিক তখন আগে সলিমুল্লাহ আসামি পক্ষের জেরার উত্তরে বিএনপি নেতাকে ‘সাকা চৌধুরী’ সম্বোধন করে কিছু বলতে গেলে রেগে ওঠেন সালাউদ্দিন কাদের। চট্টগ্রামের এই সংসদ সদস্যকে বিভিন্ন সংবাদপত্রে অনেক দিন ধরেই ‘সাকা চৌধুরী’ নামে লেখা হচ্ছে। সলিমুল্লাহর পর বৃহস্পতিবার তৃতীয় সাক্ষী সিরাজুল ইসলাম প্রকাশ সাক্ষ্য দেন। তিনি দুই ঘণ্টা ধরে বক্তব্য রাখার পর রোববার পর্যন্ত শুনানি মুলতবি হয়। সকালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিবেদকের বিরুদ্ধে সালাউদ্দিন কাদের চৌধুরীর কৌঁসুলি আহসানুল হকের অভিযোগ উত্থাপনের মধ্য দিয়ে ট্রাইব্যুনালের কাজ শুরু হয়। প্রতিবেদক ইমরান হোসেনের দিকে ইঙ্গিত করে আহসান বলেন, “এই মিস্টার ইমরানকে সতর্ক করা উচিৎ। আমি এ ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আবেদন জানাচ্ছি।” আসামি পক্ষের কৌঁসুলি তখন আদালতের কাছে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রকাশিত ‘সাকার গুডস্ হিলই ছিল আল-শামসের সদরদপ্তর’ শীর্ষক প্রতিবেদনের একটি অনুলিপি দেন। এতে আহসানুল হকের “বিভিন্ন অনুষ্ঠানে আমি তাকে (সাক্ষী) সুন্দরী মেয়েদের সঙ্গে কথা বলতে দেখেছি এবং তাদের হাত ধরে অজ্ঞাত স্থানে নিয়ে যেতে দেখেছি”- এই বক্তব্যকে ‘অপেশাদার’ বলায় তা নিয়ে আপত্তি তোলেন আহসান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদকের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সালাউদ্দিন কাদেরের কৌঁসুলি তিন বার আদালতের কাছে আবেদন করেন। ট্রাইব্যুনালের প্রধান বিচারপতি নিজামুল হক বলেন, “প্রতিবেদক আপনার আচরণকে অপেশাদার মনে করলেও তার এ শব্দচয়ন ঠিক হয়নি। এটা অপেশাদার হয়েছে।” শব্দ চয়নে সতর্ক থাকতে বিচারপতি সব সাংবাদিকদের প্রতি আহ্বান জানান। মামলার কার্যক্রমের বাইরে আদালতের ভেতরে যা ঘটে, তার সবই গণমাধ্যমে প্রকাশের বিষয়েও আপত্তি জানান সালাউদ্দিনের কৌঁসুলি। মঙ্গলবার আদালত কার্যক্রম শেষ হওয়ার পর সাক্ষীকে কটাক্ষ করে সালাউদ্দিনের সঙ্গে আহসানুল হকের কথোপথনও বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমে প্রকাশ হয়েছিল। সাক্ষীকে জেরার এক পর্যায়ে আহসানুল হক উত্তেজিত হয়ে উঠলে বিচারক তাকে বলেন, “সাক্ষীকে আহত করে এমন আচরণ আপনি করতে পারেন না।” তখন আহসানুল হক বলেন, “সে কি আমাকে আঘাত করেনি?” বুধবার জেরার এক পর্যায়ে সলিমুল্লাহ বলেছিলেন, “আহসানুল হকের বাবা অ্যাডভোকেট জহিরুল হক ছিলেন কক্সবাজার শান্তি কমিটির আহ্বায়ক।” বিচারপতি নিজামুল হক শান্ত হতে বললে আহসানুল বলেন, “আমি মানুষ, গরু নই।” তখন বিচারক বলেন, “কিসে ভাল হয়, তা মানুষের বোঝা উচিত।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ইএইচ/এইচএএইচ/এমআই/২৩০৩ ঘ.