বগুড়া, মে ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বগুড়ার কাহালু, শিবগঞ্জ ও নন্দীগ্রাম উপজেলায় ঝড়ের তাণ্ডবে নয় শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। ঝড়ের পর থেকে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে অন্ধকারে রয়েছে এই তিন উপজেলা। আহত হয়ে মারা গেছেন এক নারী।
নিহত সেলিনা বেগম (৩৫) শিবগঞ্জ উপজেলার দেউলী ইউনিয়নের কাজিপাড়া গ্রামের শহিদুল ইসলামের স্ত্রী।
শিবগঞ্জ উপজেলা চেয়ারম্যান জাহিদুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বৃহস্পতিবার বিকেলে ঝড়ে উপজেলার কিচক, দেউলী ও ময়দানহাট্টা ইউনিয়নের প্রায় পাঁচ শতাধিক কাঁচা ও আধাপাকা ঘরবাড়ি পড়ে গেছে। উপড়ে পড়ে কয়েক হাজার গাছপালা। ঝড়ের পর থেকেই উপজেলা বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে।
কাহালু উপজেলা চেয়ারম্যান মাওলানা তায়েব আলী জানান, সদর, মালঞ্চা, নারহট্টা ও মুরইল ইউনিয়নের তিন শতাধিক বাড়িঘর বিধ্বস্ত হয়েছে বলে বিভিন্ন জায়গা থেকে তিনি শুনেছেন।
কাহালু উপজেলা পল্লী বিদ্যুতের উপ-ব্যবস্থাপক নাসিম আহম্মেদ জানান, ঝড়ে ২৬টি বিদ্যুতের খুঁটি উপড়ে গেছে। গোটা উপজেলায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হয়েছে।
ঝড়ে আহতদের মধ্যে ১৭ জনকে কাহালু উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হয়েছে বলে জানান আবাসিক চিকিৎসক মাহমুদা ফেরদৌস।
তিনি জানান, এছাড়াও ৩০ জনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। লুৎফর রহমান নামের এক ব্যক্তিকে গুরুতর অবস্থায় শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
নন্দীগ্রাম উপজেলা চেয়ারম্যান আলী আশরাফ জিন্নাহ জানান, ঝড়ে উপজেলার বিভিন্ন গ্রামের প্রায় শতাধিক কাচাবাড়ি পড়ে গেছে। আহত হয়েছে ৮ জন। গোটা উপজেলায় বিদ্যুৎ সংযোগ বন্ধ রয়েছে।
বগুড়া জেলা প্রশাসক সারোয়র মাহমুদ জানান, ঝড়ে কাহালু, শিবগঞ্জ ও নন্দীগ্রাম উপজেলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জেনেছি। এখনও ক্ষয়ক্ষতির সঠিক তথ্য হাতে এসে পৌঁছায়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এএল/২১৫১ ঘ.
bdnews24