ঢাকা, মে ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশ বেতারের পরিচালক পদে প্রেষণে কর্মরত যুগ্ম-সচিব মতিউর রহমানকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক আদেশে তাকে ওএসডি করা হয়। এছাড়াও একইদিন পাঁচ উপসচিবসহ সাত কর্মকর্তার পদে রদবদল করা হয়।
বেতারের পরিচালক মতিউর রহমান উপসচিব থাকা অবস্থায় ওই পদে নিয়োগ পান। গত ফেব্র“য়ারি মাসে যুগ্ম-সচিব পদে পদোন্নতি পাওয়ার পরও তাকে পূর্ব পদে বহাল রাখা হয়েছিল।
উপসচিবদের মধ্যে তিনজনকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীনে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের ব্যবস্থাপক পদে প্রেষণে নিয়োগ করা হয়েছে। এ তিনজন হলেন- সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের শাকিউন নাহার বেগম, জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত আব্দুল মান্নান এবং ওএসডি মো. শোয়েব।
স্থানীয় সরকার বিভাগের উপসচিব পদে পদায়ন করা হয় ওএসডি দুই উপসচিবকে। এ দুই কর্মকর্তা হলেন- খালিদ পারভেজ খান ও কেএফএম জেসমীন আখতার। তারা একই দপ্তরে সংযুক্ত ছিলেন।
নৌপরিবহন মন্ত্রণালয়ের উপসচিব আবদুল বাকী এবং সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক গোলাম রব্বানীকে বাংলাদেশ লোক-প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের (বিপিএটিসি) পরিচালক পদে প্রেষণে নিয়োগ দেওয়া হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এইচএ/১৮৪২ ঘ.
bdnews24