২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জনশক্তি রপ্তানিতে কোটা উত্তরাঞ্চলের জন্য

মালয়শিয়ায় যাওয়ার ক্ষেত্রেও উত্তরাঞ্চলের মানুষ এই সুবিধা পাবে বলে বৃহস্পতিবার জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 May 2012, 10:18 AM

Updated : 24 Aug 2022, 11:25 AM

ঢাকা, মে ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া এবং দারিদ্র্যপীড়িত উত্তরাঞ্চলের জেলাগুলোর জন্য জনশক্তি রপ্তানিতে ৪ শতাংশ কোটা রাখার সিদ্ধান্ত নিয়েছে প্রবাসী কল্যাণ এবং বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। মালয়শিয়ায় যাওয়ার ক্ষেত্রেও উত্তরাঞ্চলের মানুষ এই সুবিধা পাবে বলে বৃহস্পতিবার জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন। তিনি সচিবালয়ে সাংবাদিকদের বলেন, “উত্তরবঙ্গের জন্য চার শতাংশ কোটা সংরক্ষণের সিদ্ধান্ত হয়েছে। মালয়শিয়ায় নতুন করে কর্মী পাঠানোর ক্ষেত্রেও এ পদ্ধতি অনুসরণ করা হবে।” জেলা পর্যায়ে সরকারি তথ্য কেন্দ্র এবং ইউনিয়ন পর্যায়ের তথ্য কেন্দ্রে নিবন্ধিত সব আগ্রহী ব্যক্তিকেই এ কার্যক্রমের আওতায় আনা হবে। উত্তরাঞ্চলের জেলাগুলো থেকে বিদেশে চাকরি নিয়ে যেতে আগ্রহীদের নিবন্ধিত হওয়ায় পরামর্শ দিয়ে মন্ত্রী বলেন, “নিবন্ধন ছাড়া কাউকে বিদেশে যেতে দেওয়া হবে না। এজন্য সবাইকে নিবন্ধনে অংশ নিতে হবে।” অতীতে উত্তরাঞ্চলের জেলাগুলোতে নিবন্ধিত হওয়ার সংখ্যা কম দেখা গেছে বলে তিনি জানান। মোশাররফ হোসেন বলেন, “পিছিয়ে পড়া উত্তরবঙ্গকে অর্থনৈতিকভাবে শক্তিশালী করতে সরকার বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। এর অংশ হিসেবে ওই এলাকার বেকার যুবাদের কর্মসংস্থানের জন্য বিদেশ পাঠানোর ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হচ্ছে।” প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, উত্তরবঙ্গের জেলাগুলোকে জনশক্তি রপ্তানির ক্ষেত্রে আরো আগ্রহী করে তুলতে শিগগিরই চার শতাংশ কোটা সংরক্ষণের বিষয়ে একটি আদেশ (সার্কুলার) জারি করা হবে। পরবর্তীতে জনসচেতনতা সৃষ্টির জন্য প্রচার কার্যক্রমও চালানো হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এমআই/১৬১৬ ঘ.