নাটোর, মে ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নাটোরে ১৩ শ্রমিককে জুস ও বিস্কুট খাইয়ে অজ্ঞান করে টাকা-পয়সাসহ মালামাল নিয়ে গেছে দুর্বৃত্তরা।
বুধবার ভোরে বড়াইগ্রাম উপজেলার বনপাড়ায় একটি ট্রাক থেকে তাদের উদ্ধার করে পুলিশ। এরপর নাটোর সদর হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়।
পুলিশ ট্রাকটির চালক সুলতান মিয়াকে আটক করেছে।
বড়াইগ্রাম থানার ওসি আনোয়ার হোসেন সাংবাদিকদের বলেন, শ্রমিকরা ধান কাটা শেষে টাঙ্গাইল থেকে একটি ট্রাকে করে বাড়ি ফিরছিলেন। এসময় তাদের সঙ্গে অজ্ঞান পার্টির দুই সদস্যও ওঠে।
এক পর্যায়ে প্রতারকরা শ্রমিকদের জুস ও বিস্কুট খাইয়ে তাদের সঙ্গে থাকা টাকা-পয়সা, মোবাইল ফোন সেটসহ অন্যান্য মালামাল নিয়ে হাটিকুমরুল নেমে যায়।
ভোরে টহল পুলিশ ট্রাক থেকে অজ্ঞান ১৩ শ্রমিককে দেখতে পায়।
সদর হাসপাতালের চিকিৎসক আব্দুল গণি বলেন, চেতনানাশক দ্রব্য মিশানো জুস খাওয়ার ফলে এরা অসুস্থ হয়ে পড়েছেন। ধীরে ধীরে জ্ঞান ফিরে আসবে বলে জানান তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/ডিডি/২১১৪ ঘ.
bdnews24