ঢাকা, মে ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশের উন্নয়নের অগ্রযাত্রা নিশ্চিতে গণতান্ত্রিক প্রক্রিয়ার ধারাবাহিকতার প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব আরোপ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
দেশের গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় কেউ যেনো বাধা সৃষ্টি করতে না পারে- সেজন্য পেশাজীবীদের সজাগ থাকার আহবানও জানান সরকার প্রধান।
পেশাজীবী সমন্বয় পরিষদের নতুন কার্যনির্বাহী কমিটির সদস্যরা বুধবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে তার সঙ্গে দেখা করতে গেলে শেখ হাসিনা এ আহ্বান জানান।
সাক্ষাত শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ এ বিষয়ে সাংবাদিকদের ব্রিফ করেন।
বাংলাদেশকে একটি উন্নত ও সমৃদ্ধিশালী দেশ হিসাবে গড়ে তুলতে গণতান্ত্রিক শাসন ব্যবস্থার ধারাবাহিকতার বিষয়ে প্রধানমন্ত্রী তার দৃঢ় অবস্থানের কথা তুলে ধরেন।
অসাংবিধানিকভাবে কেউ যেনো ক্ষমতা দখল করতে না পারে- সেজন্য পেশাজীবীদের ঐক্যবন্ধ থাকার পরামর্শ দেন তিনি।
শেখ হাসিনা বলেন, পেশাজীবীদেরকে অভ্যন্তরীণ কোন্দল ভুলে গিয়ে সরকারের উন্নয়ন কর্মকাণ্ড জনগণের সামনে তুলে ধরতে হবে। পেশাজীবীদের মধ্যে অন্তর্দ্বন্দ্ব থাকা উচিত নয়।
নারীর ক্ষমতায়ন, শিক্ষা, খাদ্য এবং স্বাস্থ্য সেবাসহ বিভিন্ন ক্ষেত্রে সরকারের উন্নয়ন কর্মকাণ্ডের কথা এ সময় তিনি উল্লেখ করেন।
বিশেষ করে বর্তমান সরকারের তিন বছরে দারিদ্র্য শতকরা দশ ভাগ হ্রাসের বিষয়টিও প্রধানমন্ত্রী উল্লেখ করেন।
তিনি বলেন, বিএনপি নেতৃত্বাধীন চারদলীয় জোট সরকার দেশের মানুষকে কিছুই দিতে পারেনি। তারা শুধু দুর্নীতি করেছে, সন্ত্রাস ও জঙ্গীবাদ সৃষ্টি করেছে। এরপর, তত্ত্বাবধায়ক সরকার এসে তাদের দু’বছরে আরো দুর্নীতি ও অব্যবস্থা রেখে গেছে। শিক্ষক, ব্যবসায়ী এবং ছাত্র থেকে শুরু করে কোনো শ্রেণী-পেশার মানুষ তত্ত্বাবধায়ক সরকারের হাত থেকে রেহাই পায়নি
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, পেশাজীবী সংগঠনের সভাপতি এ এফ এম মেসবাহউদ্দীন, স্মারকলিপি পাঠ করেন সংগঠনের মহাসচিব ড. কামরুল হাসান খান, বুয়েটের উপাচার্য এস এম নজরুল ইসলাম, নোয়াখালী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এ কে এম সাউদুল হক চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সহ-সভাপতি আ ব ম ফারুক, কলেজ ও বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি নূর মোহাম্মদ তালুকদার, স্বাধীনতা চিকিৎসক পরিষদের যুগ্ম মহাসচিব রোকেয়া সুলতানা, অর্থনীতি সমিতির সহ-সভাপতি হান্নানা বেগম, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মমতাজ উদ্দিন মেহেদী, সম্মিলিত পেশাজীবী সমন্বয় পরিষদের আহবায়ক এস এম খবিরুজ্জামান, ফেডারেল সাংবাদিক ইউনিয়নের একাংশের সভাপতি ইকবাল সোবহান চৌধুরী এবং ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক শাবান মাহমুদ।
এসময়, প্রধানমন্ত্রী কার্যালয়ের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এরপর, জাতীয় পার্টির (মঞ্জু) একটি প্রতিনিধিদল শেখ হাসিনার সঙ্গে সাক্ষাত করেন।
জাপা সভাপতি আনোয়ার হোসেন মঞ্জু এবং মহাসচিব শেখ শহিদুল ইসলামের নেতৃত্বে নয় সদস্যের একটি প্রতিনিধিদল প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাত করেন বলে জানান আবুল কালাম আজাদ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এইচএ/১৮০৬ ঘ.
bdnews24