২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৫ মিশন প্রধানের চাকরির মেয়াদ বৃদ্ধি

ভারত, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যসহ পাঁচ দেশের মিশন প্রধানের চুক্তিভিত্তিক নিয়োগের মেয়াদ বাড়ানো হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 May 2012, 11:29 AM

Updated : 24 Aug 2022, 11:25 AM

ঢাকা, মে ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভারত, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যসহ পাঁচ দেশের মিশন প্রধানের চুক্তিভিত্তিক নিয়োগের মেয়াদ বাড়ানো হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের পৃথক আদেশে বুধবার এই মেয়াদ বৃদ্ধি করা হয়। মিশন প্রধানদের মধ্যে ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আহমদ তারিক করিম ও যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত আকরামুল কাদেররের চাকরির মেয়াদ বাড়ানো হয়েছে দুই বছর করে। এ ছাড়া কুয়েতে বাংলাদেশের রাষ্ট্রদূত সৈয়দ শাহেদ রেজার এক বছর, যুক্তরাজ্যে বাংলাদেশের হাইকমিশনার ড. এম সাইদুর রহমান খানের ছয় মাস এবং ওমানে বাংলাদেশের রাষ্ট্রদূত নূরুল আলম চৌধুরীর চাকরির মেয়াদ তিন মাস বাড়ানো হয়েছে। একই দিন প্রশাসনের উপসচিবসহ বেশ কিছু পদে রদবদল হয়েছে। উপসচিবদের মধ্যে কৃষি মন্ত্রণালয়ের মোশাররফ হোসেনকে প্রত্যাহার করে পদায়নের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত এবং একই মন্ত্রণালয়ে ন্যস্ত উপসচিব শাহ মো. আবু রায়হান আলবেরুনী এবং রশীদ আহমেদকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের ওএসডি উপসচিব সোহরাব হোসেনকে জাতীয় গ্রন্থকেন্দ্রের সচিব পদে পদায়নের জন্য সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের উপসচিব মিজানুর রহমানকে জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) পরিচালক এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত শরিয়তপুরের ডামুড্যার প্রাক্তন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মনিরুল ইসলামকে বিএমইটি’র উপ-পরিচালক পদে প্রেষণে নিয়োগ ও বদলি করা হয়েছে। বিএমইটি’র উপ-পরিচালক পদে প্রেষণে নিয়োজিত সিনিয়র সহকারী সচিব মুক্তাদির আজিজকে মন্ত্রিপরিষদ বিভাগে পদায়নের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে। এ ছাড়া চট্টগ্রাম বিভাগীয় কমিশনার কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার খালেদ মাহমুদকে চট্টগ্রাম পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন কর্তৃপক্ষের (চট্টগ্রাম ওয়াসা) প্রধান রাজস্ব কর্মকর্তা পদে প্রেষণে নিয়োগ করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এএল/১৭২৯ ঘ.