২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শিক্ষা সফর: হামলায় চবির শিক্ষক, ৬ শিক্ষার্থী আহত

শিক্ষা সফর শেষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ফেরার পথে রাঙ্গুনীয়া উপজেলার রাণীরহাট বাজার এলাকায় স্থানীদের হামলায় বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক ও ছয় শিক্ষার্থী আহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 May 2012, 03:57 PM

Updated : 24 Aug 2022, 11:24 AM

চট্টগ্রাম, মে ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শিক্ষা সফর শেষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ফেরার পথে রাঙ্গুনীয়া উপজেলার রাণীরহাট বাজার এলাকায় স্থানীদের হামলায় বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক ও ছয় শিক্ষার্থী আহত হয়েছেন। মঙ্গলবার বিকাল সাড়ে ৪ টার দিকে শিক্ষক-শিক্ষার্থীদের বহনকারী বাসটি ওই এলাকায় এক মোটর সাইকেল আরোহীকে ধাক্কা দিলে স্থানীয় লোকজন এ হামালা চালায়। তারা বাসটিতে ভাঙচুর চালায়। আহতরা হলেন- চবি বন ও পরিবেশবিদ্যা ইনস্টিটিউটের অধ্যাপক মো. কলিম উদ্দিন ভূঁঞা। শিক্ষার্থীরা হলেন একই ইনস্টিটিউটের প্রথম সেমিস্টারের শিক্ষার্থী পাবন রায়, জুবায়ের আহমেদ, সাজ্জাদ সাবী, সামীন, শুভাগত চৌধুরী, আব্দুল আলীম। রাঙ্গুনীয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম মঞ্জুর মোরশেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মোটর সাইকেল আরোহীকে শিক্ষার্থীদের বহনকারী বাসটি ধাক্কা দিলে সাইকেলটি ক্ষতিগ্রস্ত হয়। এর পর ঘটনাস্থলে বিষয়টি মিমাংসার এক পর্যায়ে শিক্ষার্থীরা স্থানীয়দের একজনকে ধাক্কা দিলে তারাও শিক্ষার্থীদের উপর হামলা চালায়। শিক্ষা সফরে যাওয়া আরেক শিক্ষক এস এম সিরাজুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মোটর সাইকেলটিকে অতিক্রম করে যাওয়ায় শিক্ষা সফরের বাসটি আটক করা হয়। পরে স্থানীয়রা জড়ো হয়ে শিক্ষক ও শিক্ষার্থীদের উপর হামলা চালায়। ‘এতে শিক্ষক, শিক্ষার্থী ও বাসের চালকসহ মোট আট জন আহত হন।’ শিক্ষা সফরে যাওয়া শিক্ষার্থী হৃদয় মাহমুদ চয়ন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, স্থানীয়রা লাঠি সোটাসহ শিক্ষক ও শিক্ষার্থীদের উপর হামলা চালায়। এতে শিক্ষক, শিক্ষার্থী ও বাসের চালকসহ মোট আট জন আহত হন। বন ও পরিবেশ বিদ্যা ইনস্টিটিউটের প্রথম সেমিস্টারের ৬০ শিক্ষার্থীকে নিয়ে সকালে দুই শিক্ষক শিক্ষাসফরে রাঙ্গামাটি যান। বিশ্ববিদ্যালয়ে ফেরার পথে এ ঘটনা ঘটে। এই ঘটনার পর বিকাল সাড়ে পাঁচটার দিকে বিশ্ববিদ্যালয়ের ১ নম্বর গেট এলাকার চট্টগ্রাম-রাঙ্গামাটি মহাসড়ক আধা ঘন্টা অবরোধ করে রাখেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। হাটাহাজারী থানার পরিদর্শক রফিকুল ইসলাম জানান, এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে পুলিশ ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের এমন আশ্বাসের পর শিক্ষার্থীরা অবরোধ তুলে নেয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এইচএ/২১৪৮ ঘ.