নারায়ণগঞ্জ, মে ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জালিয়াতির অভিযোগে সোনালী ব্যাংকের সাবেক দুই কর্মকর্তাসহ তিনজনের বিরুদ্ধে মামলা হয়েছে নারায়ণগঞ্জে।
মঙ্গলবার নারায়ণগঞ্জ সদর মডেল থানায় মামলাটি দায়ের করেন সোনালী ব্যাংক লিমিটেড মহিলা শাখার সিনিয়র অফিসার রতন কুমার দত্ত।
আসামিরা হলেন ব্যাংকটির ওই শাখার সাবেক ব্যবস্থাপক আব্দুস সামাদ, সাবেক কর্মকর্তা মো. হানিফ এবং মেসার্স সেলিম স্টোরের মালিক মো. সেলিম।
মামলায় উল্লেখ করা হয়, সনাতন পাল লেনের মহিলা শাখায় ২০০৪ সালের ৭ সেপ্টেম্বর ও ২৫ সেপ্টেম্বর জাল আমমোক্তারনামা এবং জাল হলফনামার মাধ্যমে ৬ লাখ ১৯ হাজার ৮৮৭ টাকা আত্মসাৎ করেন মেসার্স সেলিম স্টোরের মালিক মো. সেলিম।
তাকে এ কাজে সহায়তা করেন ব্যাংকটির ওই সময়ের ব্যবস্থাপক আব্দুস সামাদ ও কর্মকর্তা মো. হানিফ।
নারয়ণগঞ্জ ফরেন এক্সচেঞ্জ শাখার সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) শাহ আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, অনিয়ম ও দুর্নীতির অভিযোগে ২০০৮ সালে আব্দুস সামাদের চাকরি চলে যায়।
তবে মো. হানিফ এখন কোথায় আছেন সে সম্পর্কে তিনি কোনো তথ্য দিতে পারেনি।
নারায়ণগঞ্জ সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) আব্দুর রাজ্জাক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মামলা হয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৯৪৩ ঘ.
bdnews24