ঢাকা, মে ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যাকাতের টাকা আত্মসাতের ঘটনার তদন্ত শেষে দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে অভিযোগপত্র চূড়ান্ত করেছে দুর্নীতি দমন কমিশন।
মঙ্গলবার এক নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে কমিশনের সচিব মো. ফয়জুর রহমান চৌধুরী জানান, জামায়াতে ইসলামীর নেতা বিরুদ্ধে অভিযোগপত্র আদালতে দাখিলের অনুমোদন দেওয়া হয়েছে।
জামায়াতের নায়েবে আমির সাঈদী বর্তমানে যুদ্ধাপরাধের মামলায় কারাগারে রয়েছেন।
সাবেক সংসদ সদস্য সাঈদীসহ চারজনের বিরুদ্ধে যাকাত তহবিলের এক কোটি টাকা আত্মসাতের অভিযোগের প্রমাণ পাওয়া গেছে বলে দুদক জানায়।
“অন্য তিনজনের মধ্যে সাবেক ধর্ম প্রতিমন্ত্রী মোশারেফ হোসেন শাহজাহান কিছুদিন আগে মারা গেছেন,” বলেন দুদক সচিব।
এছাড়া বিদেশে অর্থপাচারের ঘটনায় গিয়াসউদ্দিন আল মামুনের বিরুদ্ধে অভিযোগপত্রও চূড়ান্ত হয়েছে বলে প্রেস ব্রিফিংয়ে জানানো হয়।
দুদক সচিব বলেন, লন্ডনের ন্যাটওয়েস্ট ব্যাংকে মোট ৪ লাখ ১৮ হাজার ৮৫৩ পাউন্ড পাউন্ড অবৈধভাবে জমা করার প্রমাণ পাওয়া গেছে মামুনের বিরুদ্ধে।
প্রেস ব্রিফিংয়ে গত এপ্রিল মাসে দুদকে দায়ের করা মামলা সংক্রান্ত খতিয়ান তুলে ধরা হয়।
এই সময়ে দায়ের করা ৭৩ টি মামলার মধ্যে ৫০টি মামলার অভিযোগপত্র দাখিলের অনুমোদন হয়েছে। এসব মামলায় মোট ১০৮ জনকে অভিযুক্ত করা হয়েছে, যার মধ্যে ৫৮ জন সরকারি চাকরিজীবী।
জালালাবাদ গ্যাসের সাবেক পাইপ লাইন পরিদর্শক মাসুক উদ্দিন আহমেদ, ফরিদপুরের সাবেক সহকারী সেটেলমেন্ট অফিসার এটিএম মুজিবর রহমান এবং ডিপিডিসি’র সাবেক প্রকৌশলী সালেহ উদ্দিন, বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের ব্যক্তিগত কর্মকর্তা লোকমান হোসেনের বিরুদ্ধে অভিযোগপত্র অনুমোদন পেয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএসটি/এমআই/১৯২৪ ঘ.
bdnews24