২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সুরঞ্জিতকে জিজ্ঞাসাবাদ ‘প্রয়োজনে’

দুদক সচিব বলেছেন, সহকারীর গাড়িতে অর্থ পাওয়ার ঘটনায় মন্ত্রীকে জিজ্ঞাসাবাদের প্রয়োজন মনে করলে তদন্ত দল তা করবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 May 2012, 11:05 AM

Updated : 24 Aug 2022, 11:24 AM

ঢাকা, মে ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সহকারীর গাড়িতে বিপুল পরিমাণ টাকা পাওয়ার ঘটনার তদন্ত চলছে জানিয়ে দুর্নীতি দমন কমিশনের সচিব মো. ফয়জুর রহমান বলেছেন, ‘প্রয়োজনে’ মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্তকেও জিজ্ঞাসাবাদ করবেন তারা। মঙ্গলবার কমিশনে নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে তিনি এ কথা বললেও এই পর্যন্ত তদন্তের অগ্রগতি নিয়ে কিছু বলতে চাননি। “তদন্তের স্বার্থে বিস্তারিত বলা সম্ভব নয়,” বলেছেন কমিশন সচিব। গত ৯ই এপ্রিল রাতে রাজধানীর ঝিগাতলায় বিজিবি ফটকে ঢুকে পড়া সুরঞ্জিতের ব্যক্তিগত সহকারী ওমর ফারুক তালুকদারের গাড়িতে বিপুল পরিমাণ টাকা পাওয়ার পর তা নিয়ে দেশব্যাপী তোলপাড় ওঠে। সেখানে ৭০ লাখ টাকা ছিল এবং তা নিজের বলে ফারুক দাবি করলেও তা রেলে নিয়োগে ঘুষ হিসেবে নেওয়া অর্থ বলে গুঞ্জন রয়েছে। এ নিয়ে রেল বিভাগের তদন্তের পাশাপাশি দুর্নীতি দমন কমিশনও তদন্ত শুরু করে। সহকারীর অর্থ কেলেঙ্কারির ঘটনায় সমালোচনার মুখে সুরঞ্জিত রেলমন্ত্রীর দায়িত্ব থেকে পদত্যাগ করেন। পরে তাকে দপ্তরবিহীন মন্ত্রী করা হয়। ওই অর্থের সঙ্গে সুরঞ্জিতের সংশ্লিষ্টতা সম্পর্কে প্রশ্ন করা হলে দুদক সচিব বলেন, “রেলের পূর্বাঞ্চলের নিয়োগ বাণিজ্য খতিয়ে দেখতে টিম কাজ করছে। শিগগিরই এ সংক্রান্ত রিপোর্ট পাওয়া যাবে।” “টিম মনে করলে প্রয়োজনে সুরঞ্জিত সেনগুপ্তকেও জিজ্ঞাসাবাদ করা হবে,” বলেন তিনি। তদন্ত দল কবে নাগাদ প্রতিবেদন দেবে- জানতে চাওয়া হলে ফয়জুর রহমান বলেন, ৪৫ কার্যদিবসের মধ্যেই তদন্ত শেষ হবে এবং তদন্ত দলটি কতদিন কাজ করেছে তা নথি দেখেই বলা যাবে। তদন্ত কর্মকর্তার কাজে গাফিলতি হলে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। সেদিন বিজিবি সদস্যদের তল্লাশিতেই গাড়িতে অর্থ থাকার বিষয়টি ধরা পড়েছিল বলে সংবাদ মাধ্যমের খবর। বিজিবির সেই সদস্যদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে কি না- জানতে চাইলে দুদক সচিব বলেন, তদন্ত দলই ঠিক করবে কাকে জিজ্ঞাসাবাদ করা হবে। “সেদিনের ঘটনায় হুইসেল ব্লোয়ার ছিলেন গাড়িচালক আলী আজম। তাকে খুঁজে জিজ্ঞাসাবাদে ব্যর্থ হলে তদন্ত কর্মকর্তাকে এর ব্যাখ্যা দিতে হবে,,” যোগ করেন তিনি। সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী, সেদিন আজমই গাড়িতে টাকা থাকার বিষয়টি আঁচ করে গাড়িটি বিজিবি ফটকে ঢুকিয়ে দেন। তবে সেদিনের পর থেকে আজমের খবর নেই। বিজিবি বলেছে, ফারুকসহ অন্য দুজনের মতো আজমকেও তারা ছেড়ে দেয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএসটি/এমআই/১৬৫০ ঘ.