২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শিশুদের জন্য সংসদে আলাদা গ্যালারি হচ্ছে: স্পিকার

সংসদীয় কার্যক্রমের সঙ্গে শিশুদের পরিচিত করতে জাতীয় সংসদে আলাদা গ্যালারি নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্পিকার আবদুল হামিদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 May 2012, 04:17 PM

Updated : 24 Aug 2022, 11:24 AM

ঢাকা, মে ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সংসদীয় কার্যক্রমের সঙ্গে শিশুদের পরিচিত করতে জাতীয় সংসদে আলাদা গ্যালারি নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্পিকার আবদুল হামিদ। সোমবার সংসদের শপথ কক্ষে কমনওয়েলথ দিবস উদযাপন উপলক্ষে সিপিএ বাংলাদেশ শাখার আয়োজনে ‘কানেক্টিং কালচার’ শীর্ষক উন্মুক্ত রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সংসদকে সরকারের সব কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দুতে পরিণত করতে সরকারি ও বিরোধী দলের সদস্যদেরকে সম্মিলিতভাবে কাজ করারও আহবান জানান স্পিকার। তিনি বলেন, গণতন্ত্র একটি চলমান প্রক্রিয়া । সমাজের প্রতিটি স্তরে চর্চার মাধ্যমে গণতন্ত্রের বিকাশ ঘটে এবং গণতন্ত্রের ভিত মজবুত হয়। “তাই শিক্ষা জীবনের শুরু থেকে আমরা যদি শিশুদের গণতন্ত্রমনা হিসেবে গড়ে তুলতে পারি তাহলেই আমাদের ভবিষ্যৎ গণতন্ত্র আরো সংহত হবে।” বর্তমানে বার বছরের কম বয়সী শিশুদের সংসদ অধিবেশন দেখার সুযোগ নেই উল্লেখ করে শিশুদের উদ্দেশে আবদুল হামিদ বলেন, “কিন্তু শিশু বয়স থেকে তারা যাতে সংসদীয় কার্যক্রমের সঙ্গে পরিচিত হয়ে উঠতে পারে সেজন্য শিশুদের জন্য আলাদা গ্যালারি নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে।” সংসদ সচিবালয়ের ভারপ্রাপ্ত সচিব মো. মাহ্ফুজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে ডেপুটি স্পিকার শওকত আলী, হুইপ মো. মুজিবুল হক এবং হুইপ সাগুফতা ইয়াসমিন বক্তব্য রাখেন। জাতীয় সংসদের অতিরিক্ত সচিব (আইপিএ) প্রণব চক্রবর্তী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন। অনুষ্ঠানে চিত্রাঙ্কণ প্রতিযোগিতায় ক ও খ বিভাগে মোট ১৩ জনের মধ্যে এবং রচনা প্রতিযোগিতায় মোট ১০ জনের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। চিত্রাঙ্কণ প্রতিযোগিতার ক বিভাগে প্রথম হয়েছে মুবাশ্বির রহমান সিদ্দিকী, খ বিভাগে প্রথম মাইশা মালিহা সিদ্দিকী এবং রচনা প্রতিযোগিতায় প্রথম হয়েছে আশরাফুল ইসলাম। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এই্চএ/২২০৪ ঘ.