২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দশ ট্রাক অস্ত্র: পুলিশ কর্মকর্তা বাকীকে আসামিপক্ষের জেরা

দশ ট্রাক অস্ত্র মামলায় পুলিশ কর্মকর্তা আবদুল্লাহ হেল বাকীকে দিনভর জেরা করেছেন আসামিপক্ষের আইনজীবীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 May 2012, 03:22 PM

Updated : 24 Aug 2022, 11:24 AM

চট্টগ্রাম, মে ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দশ ট্রাক অস্ত্র মামলায় পুলিশ কর্মকর্তা আবদুল্লাহ হেল বাকীকে দিনভর জেরা করেছেন আসামিপক্ষের আইনজীবীরা। সোমবার বেলা পৌনে একটা থেকে সিনিয়র স্পেশাল ট্রাইব্যুনাল-১ এর বিচারক এস এম মজিবুর রহমানের আদালতে পুলিশ কর্মকর্তা বাকীকে তিন আসামির আইনজীবীরা জেরা করেন। বিকালে জেরা অসমাপ্ত রেখেই বিচারক আদালতের কার্যক্রম মুলতবি করেন। মঙ্গলবার সকালে আবারো আসামিপক্ষের আইনজীবীরা তাকে জেরা করবেন। আইনজীবীদের জেরায় এই পুলিশ কর্মকর্তা সরকার ও তদন্তকারী সংস্থা সিআইডি’র চাপে আদালতে মিথ্যা সাক্ষ্য দেননি বলে জানান। এনএসআই’র সাবেক পরিচালক মেজর (অব.) লিয়াকতের আইনজীবী মোহাম্মদ আহসানের জেরার জবাবে পুলিশ কর্মকর্তা বাকী বলেন, ঘটনাস্থল থেকে মেজর লিয়াকতসহ আরও পাঁচজনকে স্থানীয় ফাঁড়িতে নেওয়া হয়। কিন্তু তাদের গ্রেপ্তার করা হয়নি। অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “এ বিষয়ে থানায় কোন সাধারণ ডায়রি (জিডি) করা হয়েছে কি না আমার জানা নেই।” ১৬৪ ধারায় দেওয়া জবানবন্দির উল্লেখ করে আইনজীবী প্রশ্ন করেন, ‘১৬৪ ধারার জবানবন্দিতে বলেছেন ৫ জন লোককে গ্রেপ্তার না করতে সার্জেন্ট আলাউদ্দিনকে নির্দেশ দিই। সে নির্দেশ অনুসারে কাজ করে।’ জবানবন্দিতে এ ধরণের বক্তব্য দেওয়ার কথা স্বীকার করেন বাকী। এর পরের প্রশ্নে আইনজীবী বলেন, ‘আপনার নির্দেশ অনুসারে সার্জেন্ট আলাউদ্দিন এ ঘটনায় করা দুটি জিডি ছিঁড়ে ফেলেন এবং পরবর্তীতে দুইটি জিডি নতুন করে লেখা হয়।’ এর উত্তরে বাকী বলেন, “এটা সত্য নয়।” ২০০৪ সালে ১ এপ্রিল গভীর রাতে সিইউএফএল জেটি ঘাটে ১০ ট্রাক সমপরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারের ঘটনার সময় আবদুল্লাহ হেল বাকী চট্টগ্রাম নগর পুলিশের বন্দর জোনের উপ-কমিশনার ছিলেন। তিনি বর্তমানে সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনারের দায়িত্ব পালন করছেন। এর আগে গত ৮ মে সাক্ষ্য দেন বাকী। সক্ষ্যে তিনি অস্ত্র খালাসের সময় এনএসআই কর্মকর্তা লিয়াকতসহ অন্যান্যদের উপস্থিতির কথা বলেছিলেন। লিয়াকতের আইনজীবীর পর এনএসআই’র সাবেক প্রধান আবদুর রহিমের আইনজীবী কামরুল ইসলাম সাজ্জাদ এবং সিইউএফএল’র সাবেক এমডি মোহসিন উদ্দিন তালুকদারের আইনজীবী ফজলুল করিম ভূইয়া পুলিশ কর্মকর্তা বাকীকে জেরা করেন। রহিমের আইনজীবীর জেরার জবাবে বাকী বলেন, “এনএসআইয়ের তৎকালীন প্রধান আবদুর রহিমের সঙ্গে ঘটনার রাতে ফোনে কোনো কথা হয় নি। মেজর লিয়াকত টেলিফোনে তার সঙ্গে কথা বললেও আমি কথা বলি নি।” এর আগে ১০ ট্রাক অস্ত্র মামলার আসামি সাবেক শিল্পমন্ত্রী ও জামায়াতের আমীর মতিউর রহমান নিজামী, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরসহ ১০ আসামিকে আদালতে কঠোর নিরাপত্তায় হাজির করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এইচএ/২১১৩ ঘ.