ঢাকা, মে ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সুইজারল্যান্ডে বিশ্ব স্বাস্থ্য সম্মেলনে স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হক বলেছেন, সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্য (এমডিজি) অর্জনের পথে এগোচ্ছে বাংলাদেশ।
সোমবার জেনেভায় ৬৫তম বিশ্ব স্বাস্থ্য সম্মেলনের ‘স্বাস্থ্য সেবায় লিঙ্গ, সমতা ও মানবাধিকারের গুরুত্ব’ শীর্ষক প্যানেল আলোচনায় বক্তব্যে তিনি এ কথা বলেন।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।
মন্ত্রী বলেন, “বাংলাদেশ তৃণমূল পর্যায়ের স্বাস্থ্য সেবায় নারীদেও জন্য বিশেষ নজর দিচ্ছে। সরকার নারী এবং শিশু স্বাস্থ্য উন্নয়নকে অগ্রাধিকার দিয়ে কাজ করে যাচ্ছে। বাংলাদেশ নারী স্বাস্থ্য উন্নয়নে যথেষ্ট উন্নতি অর্জন করেছে। মাতৃমৃত্যু হার এমডিজি লক্ষ্য অনুযায়ী সঠিক পথেই রয়েছে।”
এর আগে সকালে জেনেভায় ছয় দিনব্যাপী বিশ্ব স্বাস্থ্য সম্মেলনের উদ্বোধন হয়। প্রথম অধিবেশনের পর সংস্থার বর্তমান মহাসচিব মার্গারেট চ্যাংকে দ্বিতীয়বারের মতো মহাসচিব নির্বাচিত করা হয়।
সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধিদলে অন্যদের মধ্যে রয়েছেন- প্রধানমন্ত্রীর স্বাস্থ্য ও পরিবার কল্যাণ এবং সমাজ কল্যাণ বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ডা. সৈয়দ মোদাচ্ছের আলী, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য ডা. মুরাদ হাসান এমপি, স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. শফিকুল ইসলাম লস্কর, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) সভাপতি অধ্যাপক ডা. মাহমুদ হাসান প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এনআইএইচ/এএল/২০৫৫ ঘ.
bdnews24