কুমিল্লা, মে ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিদ্যুতের দাবিতে কুমিল্লার চান্দিনার কুটুম্বপুর এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছে স্থানীয়রা।
সোমবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে টায়ার জ্বালিয়ে কুটুম্বপুরসহ আশপাশের ছয়টি গ্রামের কয়েক হাজার গ্রামবাসী সড়ক অবরোধ করেন। এতে ঘটনাস্থলের দুই পাশে শত শত গাড়ি আটকে পড়ে আছে।
পুলিশ ঘটনাস্থলে পৌঁছালেও রাত সোয়া ৮টা পর্যন্ত সেখানে বিক্ষোভ চলছিলো।
কুটুম্বপুরের সাইফুল ইসলাম নামে এক যুবক জানান, ২৪ ঘণ্টার মধ্যে তারা দুই ঘণ্টাও বিদ্যুৎ পান না। এতে তাদের জীবন দুর্বিসহ হয়ে উঠেছে। বাধ্য হয়েই তারা রাস্তায় নেমে এসেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কেটি/এএল/২০২৭ ঘ.
bdnews24