চট্টগ্রাম, মে ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামে দুটি কারখানাকে ২৫ হাজার টাকা জরিমানা করেছে সিটি কর্পোরেশনের (সিসিসি) ভ্রাম্যমাণ আদালত।
সোমবার সিসিসি নির্বাহী ম্যাজিস্ট্রেট জয়নাল আবেদিন এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
সিসিসি জনসংযোগ কর্মকর্তা সাইফুদ্দিন আহমেদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সদরঘাটের আপন আইসক্রিম কারখানাকে আইসক্রিমে বিষাক্ত রঙ মিশানো, অস্বাস্থ্যকর-দুর্গন্ধযুক্ত পরিবেশে আইসক্রিম তৈরি ও পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না থাকায় ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এ ছাড়া ফিরিঙ্গীবাজারের মোহম্মদীয়া নামে বিস্কুট কারখানাকে নোংরা ও দুর্গন্ধযুক্ত পরিবেশে বিস্কুট তৈরি করায় পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।
অন্যদিকে, নগরীর সদরঘাটের ঈশা ড্রিংকিং ওয়াটার কারখানার কাগজপত্র সঠিক না পাওয়ায় কারখানা বন্ধ করে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। পাশাপাশি এ কারখানাকে এক মাসের মধ্যে কাগজপত্র সংগ্রহ করতে বলা হয়েছে।
অভিযানকালে ম্যাজিস্ট্রেটকে সহায়তা করেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ, র্যাব-৭, স্বাস্থ্য পরিদর্শক ও ম্যাজিস্ট্রেট শাখার কর্মকর্তারা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/২০০৮ ঘ.
bdnews24