২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আদমশুমারি প্রতিবেদনের পর জুনে সংসদীয় আসন পুনর্বিন্যাস

আগামী মাসে আদমশুমারির চূড়ান্ত প্রতিবেদন প্রকাশের পর সংসদীয় আসনের সীমানা পুননির্ধারণের কাজে হাত দেবে নির্বাচন কমিশন (ইসি)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 May 2012, 12:30 PM

Updated : 24 Aug 2022, 11:24 AM

ঢাকা, মে ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)---আগামী মাসে আদমশুমারির চূড়ান্ত প্রতিবেদন প্রকাশের পর সংসদীয় আসনের সীমানা পুননির্ধারণের কাজে হাত দেবে নির্বাচন কমিশন (ইসি)। সোমবার নির্বাচন কমিশনার মো. শাহনেওয়াজ সাংবাদিকদের এ তথ্য জানান। দশম সংসদ নির্বাচনকে সামনে রেখে নতুন করে সংসদীয় এলাকার সীমানা পুননির্ধারণ করবে ইসি। নির্বাচনের আগে সর্বশেষ আদম শুমারির প্রতিবেদন নিয়ে জনসংখ্যা অনুপাতে সীমানা পুননির্ধারণের আইনি বাধ্যবাধকতা রয়েছে। ২০১৩ সালের শেষ পর্যায়ে দশম সংসদ নির্বাচন অনুষ্ঠানের কথা রয়েছে। মো. শাহনেওয়াজ বলেন, “জুন মাসে পঞ্চম আদশ শুমারির প্রতিবেদন প্রকাশ হবে। এরপরই সীমানা পুনর্বিন্যাস কাজ শুরু করবো আমরা।” গত বছরের মার্চে দেশে পঞ্চম আদমশুমারি হয়। জুলাইয়ে ওই আদমশুমারির প্রাথমিক ফলাফলে বলা হয়েছিল, বর্তমানে মোট জনসংখ্যা ১৪ কোটি ২৩ লাখ ১৯ হাজার। পঞ্চম আদমশুমারিতে দেশের ৩ দশমিক ৯৭ শতাংশ মানুষ গণনা থেকে বাদ পড়েছে বলে মনে করছে বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান-বিআইডিএস। এই ভুল সংশোধন করে আগামী জুন মাসের মধ্যে জনসংখ্যার চূড়ান্ত ফল প্রকাশ করবে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো। প্রতি ১০ বছর পর বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) আদমশুমারি প্রতিবেদন প্রকাশ করলেও নির্বাচন কমিশন কখনোই নিয়মিতভাবে সীমানা পুননির্ধারণের কাজ করেনি। কমিশন কর্মকর্তারা জানান, ১৯৮৪ সালের পর প্রথম ২০০৭ সালে এটিএম শামসুল হুদার নেতৃত্বাধীন ইসি একযোগে সারাদেশে নির্বাচনী আসন পুনর্বিন্যাসের কাজে হাত দেয়। নবম সংসদ নির্বাচনের আগে ৩০০ আসনের জেলাওয়ারি আসন পুনর্বণ্টন প্রকাশ করে কমিশন। ১৯৯১ ও ১৯৯৫ সালে আংশিকভাবে এ কাজ সম্পন্ন হয়। প্রতিবারই সীমানা নির্ধারণ নিয়ে কমিশনকে শত শত মামলা মোকাবেলা করতে হয়েছে। আগামীতে ঢাকা মহানগরে সংসদীয় আসন ১০টিতে নির্দিষ্ট করে দেওয়ার পরিকল্পনার কথাও জানান এ নির্বাচন কমিশনার। বর্তমানে ঢাকা জেলায় সংসদীয় এলাকা ২০। এরমধ্যে ডিসিসিতে আসন সংখ্যা ১৩। অষ্টম সংসদে এ সংখ্যা ছিল জেলায় ১৩ ও মহানগরীতে ৮। ঢাকা সিটি করপোরেশনকে (ডিসিসি) একটি জেলার সমতুল্য ইউনিট গণ্য করে সংসদীয় আসন ১০-এ নির্দিষ্ট করে নির্বাচনী এলাকার সীমানা নির্ধারণ বিধিমালার খসড়া প্রণয়ন করা হলেও তা এখনো সরকারের অনুমোদন পায় নি। সর্বশেষ আদম শুমারি প্রতিবেদন প্রকাশের সর্বোচ্চ ১২ মাসের মধ্যে সীমানা পুননির্ধারণ কাজ সম্পন্ন করার বিধান রাখা হয়েছে প্রস্তাবিত আইনেও। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এইচএ/১৮০৬ ঘ.