২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাড়ি দখল: জজের সংশ্লিষ্টতা তদন্তের নির্দেশ

ঢাকার নবাবগঞ্জের কলাকোপার জমিদার বাড়ি দখলে ফেনীর সাবেক যুগ্ম জেলা ও দায়রা জজের সংশ্লিষ্টতা তদন্তের নির্দেশ দিয়েছে হাই কোর্ট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 May 2012, 10:57 AM

Updated : 24 Aug 2022, 11:24 AM

ঢাকা, মে ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকার নবাবগঞ্জের কলাকোপার জমিদার বাড়ি দখলে ফেনীর সাবেক যুগ্ম জেলা ও দায়রা জজের সংশ্লিষ্টতা তদন্তের নির্দেশ দিয়েছে হাই কোর্ট। সোমবার বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি জাহাঙ্গীর হোসেনের বেঞ্চ এই আদেশ দেয়। তদন্ত করে এক মাসের মধ্যে প্রতিবেদন দিতে আইন সচিবকে নির্দেশ দেওয়া হয়েছে। আদেশে ওই কথিত জজ বাড়ি (জমিদার বাড়িটি এখন জজ বাড়ি হিসাবে পরিচিত) দখলে ফেনীর সাবেক যুগ্ম জেলা ও দায়রা জজ খন্দকার আবুল হোসেনের সংশ্লিষ্টতা রয়েছে কি না, তা তদন্ত করতে বলা হয়। ওই বিচারকসহ চারজন আদালতের তলবে হাজির হওয়ার পর আদালত এই আদেশ দেয়। ওই বিচারক বর্তমানে আইন মন্ত্রণালয়ে যুক্ত আছেন। আদালত আগামী ৮ জুলাই এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করেছে। ওই চারজনকে সেদিনও আদালতে আসতে হবে। আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন ওই কোর্টের ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ বি এম আলতাফ হোসেন। তলবকৃতদের পক্ষে ছিলেন অ্যাডভোকেট শ ম রেজাউল করিম। ‘জমিদার প্যালেস ইজ জাজেস প্যালেস নাও’ শিরোনামে ইংরেজি দৈনিক সান’এ প্রকাশিত একটি প্রতিবেদন আমলে নিয়ে গত ১০ মে হাই কোর্ট স্বতঃপ্রণোদিত রুল দিয়ে ওই বিচারক আবুল হোসেন, তার দ্ইু ভাই আবুল কালাম খন্দকার ও নবাবগঞ্জের উপজেলা চেয়ারম্যান খন্দকার আশফাক এবং তাদের চাচা খন্দকার আবুল হাশেমকে তলব করে। আদালতের তলবে গত ২০ মে তারা চারজন আদালতে হাজির হয়। এ বিষয়ে অন্য একটি বাংলা জাতীয় দৈনিকে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, ঢাকার নবাবগঞ্জের কলাকোপায় ইছামতী নদীর তীরে প্রাসাদোপম একটি বাড়িটি প্রায় দেড়শ বছর আগে ব্রিটিশ শাসনামলে নির্মাণ করা হয়। জমিদার ব্রজেন রায় ওরফে সুদর্শন রায় নির্মিত বাড়িটি এলাকায় ‘ব্রজ নিকেতন’ নামে পরিচিত ছিল। ৪ একর ৫৭ শতক জমির ওপর তৈরি বাড়িটি এখন ‘জজবাড়ি’। বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও নবাবগঞ্জ উপজেলা চেয়ারম্যান খন্দকার আবু আশফাক ও তার ভাই আবুল কালাম খন্দকারসহ ওই পরিবারের সদস্যদের দখলে পুরো জমিদার বাড়িটি রয়েছে বলে প্রতিবেদনে বলা হয়। এতে বলা হয়, “খন্দকার আবু আশফাকের বড় ভাই খন্দকার আবুল হোসেন একজন যুগ্ম জেলা জজ। তাই এমন নামকরণ।” প্রতিবেদনে আরো বলা হয়, জমিদারবাড়ির পুরো সম্পত্তিটি অর্পিত সম্পত্তি হিসেবে দাবি করছে সরকার। দখল বুঝে নিতে সরকার মামলাও করেছে। তবে খন্দকার পরিবারের সদস্যরা বলছেন, এটি তাদের কেনা সম্পত্তি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/এমআই/১৬৫৫ ঘ.