নারায়ণগঞ্জ, মে ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শ্রমিক ছাঁটাইকে কেন্দ্র করে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে পুলিশের সঙ্গে পোশাককর্মীদের সংঘর্ষে কমপক্ষে ২০ জন আহত হয়েছে।
সোমবার সকালে সিনহা গার্মেন্টসের ওই শ্রমিকরা কারখানা ভাংচুর ও অগ্নিসংযোগও করে বলে পুলিশ জানায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাঁচপুর শিল্পাঞ্চলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
সোনারগাঁও থানার ওসি হারুন-অর-রশিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শ্রমিকরা সকালে কারখানার ফটকে কয়েকজন শ্রমিকের চাকরিচ্যুতির নোটিস দেখে বিক্ষোভ শুরু করে। এক পর্যায়ে তারা ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধের চেষ্টা চালালে পুলিশ বাধা দেয়।
বাধা উপেক্ষা করে শ্রমিকরা মিছিলের চেষ্টা করলে পুলিশের সঙ্গে সংঘর্ষ বাধে বলে স্থানীয়রা জানায়। দুই পক্ষের মধ্যে ঘণ্টাখানেক ধাওয়া-পাল্টা ধাওয়া চলে।
শিল্প পুলিশ-৪ এর পরিচালক মাহবুবুল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ক্ষুব্ধ শ্রমিকরা বিক্ষোভ ও কারখানায় ব্যাপক ভাংচুর শুরু করলে পুলিশ কাঁদানে গ্যাস ছোড়ে। শ্রমিকদের ছত্রভঙ্গ করতে ৬৬ রাউন্ড ফাঁকা গুলিও ছোড়া হয়।
পুলিশ ও শ্রমিকদের বক্তব্য অনুযায়ী, সংঘর্ষে ২০ জন আহত হয়, এর মধ্যে পাঁচজন পুলিশ সদস্য। আহতদের নাম জানা যায়নি।
কারখানার শ্রমিক আবুল কালাম, জসিমউদ্দিন ও মাহবুব সাংবাদিকদের জানান, সিনহা গ্রুপের বেশ কয়েকটি প্রতিষ্ঠান রয়েছে। এতে প্রায় ২০ হাজার শ্রমিক কাজ করে।
তারা বলেন, গত কয়েক মাস ধরে মালিক পক্ষ শ্রম আইনের তোয়াক্কা না করে কোনো নোটিস ছাড়াই শ্রমিকদের ছাঁটাই করছে।
এ বিষয়ে মালিক পক্ষের সঙ্গে কয়েকদফা যোগাযোগের চেষ্টা করা হলেও কারো বক্তব্য পাওয়া যায়নি।
তবে শিল্প পুলিশ কর্মকর্তা মাহবুব বলেন, শ্রমিক অসন্তোষের পর কারখানাটিতে অনির্দিষ্টকালের জন্য ছুটি ঘোষণা করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/১৮২০ ঘ.
bdnews24