গাইবান্ধা, মে ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় এক কাপড় ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
গোবিন্দগঞ্জ থানার ওসি দেলোয়ার হোসেন জানান, রোববার রাত ১১টার দিকে গোবিন্দগঞ্জ-ঘোড়াঘাট সড়কের কাটাবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে।
সোমবার সকালে লাশ উদ্ধার করে পুলিশ।
নিহত জাহাঙ্গীর কবীর সুমন (২৬) গোবিন্দগঞ্জের কাটাবাড়ী ইউনিয়নের বিশুলিয়া গ্রামের ফারাজ উদ্দিনের ছেলে। পার্শ্ববর্তী দিনাজপুর জেলার ঘোড়াঘাট বাজারে তার কাপড়ের দোকান রয়েছে।
ওসি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রোববার রাত সাড়ে ১০টার দিকে দোকান বন্ধ করে মটরসাইকেলে করে বাড়ির পথে রওনা হন জাহাঙ্গীর।
“কাটাবাড়ী এলাকায় পৌঁছালে দুর্বৃত্তরা তার পথরোধ করে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে লাশ ফেলে চলে যায়। নিহতের শরীরে অসংখ্য জখমের চিহ্ন রয়েছে।”
তিনি জানান, খবর পেয়ে সোমবার সকালে লাশ উদ্ধার করে গাইবান্ধা মর্গে পাঠায় পুলিশ। এ নিয়ে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/১৬১০ ঘ.
bdnews24