২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শিল্পগুরুর প্রতি শেষ শ্রদ্ধা

বাংলাদেশের ছাপচিত্রকলার পথিকৃৎ শিল্পগুরু সফিউদ্দীন আহমেদের প্রতি শেষ শ্রদ্ধা জানাতে এসে তার সহকর্মী ও শিল্পানুরাগীরা বললেন, এই শিল্পীর প্রয়াণের মধ্য দিয়ে একটি প্রজন্মের অবসান ঘটল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 May 2012, 05:38 AM

Updated : 24 Aug 2022, 11:24 AM

ঢাকা, মে ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশের ছাপচিত্রকলার পথিকৃৎ শিল্পগুরু সফিউদ্দীন আহমেদের প্রতি শেষ শ্রদ্ধা জানাতে এসে তার সহকর্মী ও শিল্পানুরাগীরা বললেন, এই শিল্পীর প্রয়াণের মধ্য দিয়ে একটি প্রজন্মের অবসান ঘটল। বার্ধক্যজনিত কারণে শনিবার মধ্যরাতে মারা যান শিল্পী সফিউদ্দীন। তার বয়স হয়েছিল ৯০ বছর। ধানমণ্ডির গ্যালারি চিত্রকের কর্ণধার মুনীরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সোমবার শিল্পীকে শেষ শ্রদ্ধা জানানোর পর তাকে নিয়ে যাওয়া হয় তার পুরনো কর্মস্থল চারুকলা অনুষদে। দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে জানাজার পর শিল্পগুরুকে দাফন করা হবে চারুকলা অনুষদ প্রাঙ্গণে শিল্পাচার্য জয়নুল আবেদিনের পাশে। সফিউদ্দীন আহমেদের মরদেহ সোমবার সকালে স্কয়ার হাসপাতালের হিমঘর থেকে নিয়ে যাওয়া হয় ধানমন্ডির গ্যালারি চিত্রকে। সেখানে শিল্পী ও শিল্পানুরাগীরা তার প্রতি শ্রদ্ধা জানান। এরপর সকাল ১০টার পর শিল্পীর কফিন নেওয়া হয় কেন্দ্রীয় শহীদ মিনারে। চারুকলার শিক্ষক-শিক্ষার্থী, শিল্পানুরাগী ও সাংস্কৃতিক কর্মীরা শিল্পগুরুকে শেষবারের মতো দেখতে সেখানে জড়ো হন। ফুলে ফুলে ভরে ওঠে শিল্পীর কফিন। এই শিল্পীর কর্মজীবনের কথা স্মরণ করে শহীদ মিনারে সফিউদ্দীন আহমেদের প্রতি শ্রদ্ধা জানাতে এসে শিল্পী মনিরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “তিনি বিরাট মাপের একজন শিল্পী ছিলেন। তার প্রয়াণের মধ্য দিয়ে একটি প্রজন্মের অবসান হলো। শিল্পে তার অবদান জাতি চিরদিন মনে রাখবে।” অভিনেতা ও সাংসদ আসাদুজ্জামান নূর বলেন, “তার শিল্প নিয়ে আলোচনা করার ধৃষ্টতা আমার নেই। তার কর্ম অনুধাবনের যোগ্যতাও নেই। আজ চিত্রশিল্পে যে বর্ণময় কর্মকাণ্ড শিল্পীরা চালিয়ে যাচ্ছেন, তিনি তার পথিকৃৎ ছিলেন।” কলকাতা ভবানীপুরের ১৯২২ সালের ২৩ জুন শিল্পীর জন্ম। ১৯৪২ সালে কলকাতা সরকারি আর্ট স্কুল থেকে স্নাতক এবং ১৯৫৮ সালে যুক্তরাজ্যের সেন্ট্রাল স্কুল অব আর্টস অ্যান্ড ক্র্যাফটস থেকে এচিং ও এনগ্রেভিংয়ে ডিপ্লোমা করেন। শিল্পী হিসাবে সফিউদ্দীন আহমেদের সুনাম ছড়িয়ে পড়তে শুরু করে গত শতকের চল্লিশের দশক থেকেই। শিল্পাচার্য জয়নুল আবেদিনের সহযাত্রী হিসাবে ঢাকা আর্ট কলেজ প্রতিষ্ঠাতেও পালন করেন অগ্রণী ভূমিকা। বাংলাদেশে ছাপচিত্রকলাকে এগিয়ে নিতে তিনিই পথ দেখিয়েছেন। শনিবার রাতে শিল্পগুরুর মৃত্যুসংবাদ ছড়িয়ে পড়লে শিল্পী ও সাংস্কৃতিক কর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে আসে। সহকর্মী, ছাত্র ও শিল্পানুরাগীদের অনেকেই এই শিল্পীকে শেষবারের মতো দেখতে রাতে হাসপাতালে যান। সোমবার সকালে শিল্পীর প্রতি শ্রদ্ধা জানাতে শহীদ মিনারে এসে বাংলা একাডেমীর মহাপরিচালক শামসুজ্জ্মান খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এই বিরল প্রতিভার মৃত্যুতে মন অত্যন্ত ভারাক্রান্ত। শিল্পানুরাগী সমাজের মাঝে তিনি যুগ যুগ বেঁচে থাকবেন।” চারুকলার ছাত্র-শিক্ষকদের সঙ্গে শহীদ মিনারে এসেছিলেন ভারতীয় শিল্পী দেবব্রত চক্রবর্তী। ২০১০ সালে কলকাতার আইটিসিআরে শিল্পী সফিউদ্দীনের চিত্রকলার একক প্রদর্শনী দেখার সুযোগ হয়েছিল তার। “বাংলাদেশে আসার পথেই দুঃসংবাদ পাই। তখন থেকেই মনটা অত্যন্ত ভারাক্রান্ত। তিনি শুধু একজন ব্যক্তি শিল্পী ছিলেন না, তিনি ছিলেন একটি প্রতিষ্ঠান। দুই বাংলার শিল্পের মেলবন্ধনেও গুরুত্বপূর্ণ ভূমিকায় ছিলেন তিনি।” সফিউদ্দীন আহমেদের প্রতি শেষ শ্রদ্ধা জানাতে সম্মিলিক সাংস্কৃতিক জোট ও শিল্পী সমাজ শহীদ মিনারের এই অনুষ্ঠানের আয়োজন করে। ১৯৪৮ থেকে ১৯৭৯ পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের ছাপচিত্র বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন সফিউদ্দীন আহমেদ। চারুকলায় অবদানের জন্য একুশে পদক ও স্বাধীনতা দিবস পুরস্কার ছাড়াও কলকাতা একাডেমি অব ফাইন আর্টের একাডেমি প্রেসিডেন্ট পদক, ভারতের পাটনা শিল্পকলা পরিষদের দ্বারভাঙ্গা মহারাজার স্বর্ণপদক, পাকিস্তান সরকারের প্রেসিডেন্ট পদকসহ বিভিন্ন পুরস্কার পেয়েছেন এই শিল্পী। সফিউদ্দীন আহমেদ স্মরণে আগামী ২৪ মে বেলা ১২টায় চারুকলা অনুষদে এক শোকসভার আয়েঅজন করা হয়েছে। তার ২৫ মে ধানমন্ডির বাসায় তার কুলখানি হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচএ/জেকে/১১৩০ ঘ.