২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘শিল্পগুরু বেঁচে থাকবেন রঙের মাঝে’

বাংলাদেশের ছাপচিত্রকলার পথিকৃৎ শিল্পগুরু সফিউদ্দীন আহমেদের প্রতি শেষ শ্রদ্ধা জানাতে এসে তার সহকর্মী ও শিল্পানুরাগীরা বললেন, শিল্পগুরু চলে গেলেও তিনি বেঁচে থাকবেন রঙের মাঝে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 May 2012, 08:47 AM

Updated : 24 Aug 2022, 11:24 AM

ঢাকা, মে ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশের ছাপচিত্রকলার পথিকৃৎ শিল্পগুরু সফিউদ্দীন আহমেদের প্রতি শেষ শ্রদ্ধা জানাতে এসে তার সহকর্মী ও শিল্পানুরাগীরা বললেন, শিল্পগুরু চলে গেলেও তিনি বেঁচে থাকবেন রঙের মাঝে। বার্ধক্যজনিত কারণে শনিবার মধ্যরাতে মারা যান শিল্পী সফিউদ্দীন। তার বয়স হয়েছিল ৯০ বছর। সফিউদ্দীন আহমেদের মরদেহ সোমবার সকালে স্কয়ার হাসপাতালের হিমঘর থেকে নিয়ে যাওয়া হয় ধানমন্ডির গ্যালারি চিত্রকে। সেখানে শিল্পী ও শিল্পানুরাগীরা তার প্রতি শ্রদ্ধা জানান। এরপর সকাল ১০টার পর শিল্পীর কফিন নেওয়া হয় কেন্দ্রীয় শহীদ মিনারে। চারুকলার শিক্ষক-শিক্ষার্থী, শিল্পানুরাগী ও সাংস্কৃতিক কর্মীরা শিল্পগুরুকে শেষবারের মতো দেখতে সেখানে জড়ো হন। ফুলে ফুলে ভরে ওঠে শিল্পীর কফিন। এই শিল্পীর কর্মজীবনের কথা স্মরণ করে শিল্পী মনিরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “তিনি বিরাট মাপের একজন শিল্পী ছিলেন। তার প্রয়াণের মধ্য দিয়ে একটি প্রজন্মের অবসান হলো। শিল্পে তার অবদান জাতি চিরদিন মনে রাখবে।” অভিনেতা ও সাংসদ আসাদুজ্জামান নূর বলেন, “তার শিল্প নিয়ে আলোচনা করার ধৃষ্টতা আমার নেই। তার কর্ম অনুধাবনের যোগ্যতাও নেই। আজ চিত্রশিল্পে যে বর্ণময় কর্মকাণ্ড শিল্পীরা চালিয়ে যাচ্ছেন, তিনি তার পথিকৃৎ ছিলেন।” শিল্পীর প্রতি শ্রদ্ধা জানাতে শহীদ মিনারে এসে বাংলা একাডেমীর মহাপরিচালক শামসুজ্জামান খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এই বিরল প্রতিভার মৃত্যুতে মন অত্যন্ত ভারাক্রান্ত। শিল্পানুরাগী সমাজের মাঝে তিনি যুগ যুগ বেঁচে থাকবেন।” চারুকলার ছাত্র-শিক্ষকদের সঙ্গে শহীদ মিনারে এসেছিলেন ভারতীয় শিল্পী দেবব্রত চক্রবর্তী। ২০১০ সালে কলকাতার আইটিসিআরে শিল্পী সফিউদ্দীনের চিত্রকলার একক প্রদর্শনী দেখার সুযোগ হয়েছিল তার। “বাংলাদেশে আসার পথেই দুঃসংবাদ পাই। তখন থেকেই মনটা অত্যন্ত ভারাক্রান্ত। তিনি শুধু একজন ব্যক্তি শিল্পী ছিলেন না, তিনি ছিলেন একটি প্রতিষ্ঠান। দুই বাংলার শিল্পের মেলবন্ধনেও গুরুত্বপূর্ণ ভূমিকায় ছিলেন তিনি।” সফিউদ্দীন আহমেদের প্রতি শেষ শ্রদ্ধা জানাতে সম্মিলিক সাংস্কৃতিক জোট ও শিল্পী সমাজ শহীদ মিনারের এই অনুষ্ঠানের আয়োজন করে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ, বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষে দলটির যুগ্ন সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ, বাংলাদেশ ছাত্রলীগ, বাংলাদেশ প্রামাণ্যচিত্র পর্ষদ, উদীচী শিল্পীগোষ্ঠী, কণ্ঠশীলন, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট, জাতীয় জাদুঘরের পক্ষে মহাপরিচালক প্রকাশ চন্দ্র দাস, ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলা অনুষদ, খেলাঘর, সম্মিলিত সাংস্কৃতিক জোট, বাংলা একাডেমী, বাংলাদেশ টেলিভিশনের পক্ষে মহাপরিচালক ম. হামিদ, বিএফডিসির পক্ষে ব্যবস্থাপনা পরিচালক পীযূষ বন্দোপাধ্যায়, বাংলাদেশ মহিলা পরিষদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষে উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক, শিল্পকলা একাডেমীর পক্ষে মহাপরিচালক লিয়াকত আলী লাকী, গণসঙ্গীত সমন্বয় পরিষদের পক্ষে সভাপতি ফকির আলমগীর, এশিয়াটিক সোসাইটির পক্ষে সভাপতি অধ্যাপক নজরুল ইসলাম খান, পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষে সচিব মিজারুল কায়েস, শিক্ষা মন্ত্রণালয় ও সংস্কৃতি মন্ত্রণালয় এ সময় ফুল দিয়ে শ্রদ্ধা জানায়। পুরো সময়টা শিল্পগুরুর মরদেহের পাশে ছিলেন শিল্পী কাইয়ুম চৌধুরী, নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু, শিল্পী সুবীর চৌধুরী, মনিরুজ্জামান ও পুত্রবধূ নাদিয়া শারমিন। এছাড়া তার দুই ছেলে শহীদ আহমেদ ও শিল্পী নাজির আহমেদও উপস্থিত ছিলেন। বিশিষ্টজনদের মধ্যে শিল্পী হামিদুজ্জামান খান, কবি ড. মুহম্মদ সামাদ, কালি ও কলম সম্পাদক আবুল হাসনাত, শিল্পী নিসার হোসেন, শিল্পী হাশেম খানের পরিবার, আবু তাহের, শিল্পসমালোচক বোরহান উদ্দিন খান জাহাঙ্গীর, অধ্যাপক আবুল বারক্ আলভী, শহিদ কবির, মামুনুর রশীদ ও কেরামত মওলা শিল্পীর প্রতি শ্রদ্ধা জানাতে শহীদ মিনারে আসেন। কলকাতা ভবানীপুরের ১৯২২ সালের ২৩ জুন শিল্পীর জন্ম। ১৯৪২ সালে কলকাতা সরকারি আর্ট স্কুল থেকে স্নাতক এবং ১৯৫৮ সালে যুক্তরাজ্যের সেন্ট্রাল স্কুল অব আর্টস অ্যান্ড ক্র্যাফটস থেকে এচিং ও এনগ্রেভিংয়ে ডিপ্লোমা করেন। শিল্পী হিসাবে সফিউদ্দীন আহমেদের সুনাম ছড়িয়ে পড়তে শুরু করে গত শতকের চল্লিশের দশক থেকেই। শিল্পাচার্য জয়নুল আবেদিনের সহযাত্রী হিসাবে ঢাকা আর্ট কলেজ প্রতিষ্ঠাতেও পালন করেন অগ্রণী ভূমিকা। বাংলাদেশে ছাপচিত্রকলাকে এগিয়ে নিতে তিনিই পথ দেখান। চারুকলায় অবদানের জন্য একুশে পদক ও স্বাধীনতা দিবস পুরস্কার ছাড়াও কলকাতা একাডেমি অব ফাইন আর্টের একাডেমি প্রেসিডেন্ট পদক, ভারতের পাটনা শিল্পকলা পরিষদের দ্বারভাঙ্গা মহারাজার স্বর্ণপদক, পাকিস্তান সরকারের প্রেসিডেন্ট পদকসহ বিভিন্ন পুরস্কার পেয়েছেন তিনি। শহীদ মিনারের অনুষ্ঠান শেষে শিল্পীর কফিন নিয়ে আসা হয় চারুকলা অনুষদে, যে শিক্ষায়তনে জীবনের অনেকটা সময় তার কেটেছে চারুশিল্পের শিক্ষা দিয়ে, নবীনদের পথ দেখিয়ে। সফিউদ্দীন আহমেদ ১৯৪৮ থেকে ১৯৭৯ পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের ছাপচিত্র বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। তার প্রতি শ্রদ্ধা জানিয়ে শিল্পী মুস্তাফা মনোয়ার বলেন, “শিল্পগুরু চলে গেলেন বলতে চাই না। আমাদের প্রতিটি রঙের মধ্যে তিনি বেঁচে থাকবেন। তিনি প্রাণের আদলে ছবি আঁকতেন। চিরকাল আমাদের অনুপ্রেরণা হয়ে থাকবেন তিনি।” বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু বলেন, “বাংলাদেশের অন্যতম শ্রেষ্ঠ শিল্পীকে বিদায় জানাতে আমরা এখানে এসেছি। তার জন্য কোনো কাব্য, ভাষা, শ্রদ্ধাই যথেষ্ঠ নয়। তিনি নিজেকে অতিক্রম করতে পেরেছিলেন। ভৌগলিক সীমা পার করে আন্তর্জাতিক অঙ্গণে বাংলাদেশের শিল্পকে স¤প্রসারিত করতে ভূমিকা রেখেছেন তিনি।” চারুকলা অনুষদে শ্রদ্ধা নিবেদনের পর দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে সফিউদ্দীন আহমেদের জানাজা হয়। এরপর তাকে দাফন করা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মসজিদ সংলগ্ন সমাধি কমপ্লেক্সে শিল্পাচার্য জয়নুল আবেদিনের কবরের পাশে, যার সঙ্গে মিলে চারুশিল্পের এই শিক্ষায়তন গড়ে তুলতে অনেকটা পথ হেঁটে গেছেন এই শিল্পী। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচএ/এমডি/জেকে/১৬০২ ঘ.