ঢাকা, মে ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গণমাধ্যমের সঙ্গে দূরত্ব কমানোর পদক্ষেপ হিসেবে সাংবাদিকদের নিয়ে একটি সেমিনার আয়োজন করেছে সশস্ত্র বাহিনী।
রোববার ঢাকা সেনানিবাসের ট্রাস্ট মিলনায়তনে অনুষ্ঠিত ওই সেমিনার আয়োজনের কারণ ব্যাখ্যা করে সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ লেফটেন্যান্ট জেনারেল মো. মইনুল ইসলাম বলেন, “একটি রাষ্ট্রে গণমাধ্যম অন্যতম শক্তি। এই শক্তিকে অবজ্ঞা করে সামনে এগুনো সম্ভবপর নয়।”
দেশে বেশ কিছু কাল সামরিক শাসন থাকার প্রেক্ষাপটে সশস্ত্র বাহিনী ও গণমাধ্যমের মধ্যে যে শীতল সম্পর্ক রয়েছে, তা কাটাতেই ‘সশস্ত্র বাহিনী ও গণমাধ্যম’ শিরোনামের এই সেমিনার আয়োজনের উদ্যোগ বলে মনে করা হচ্ছে।
পাঁচ মাস আগে এক ব্যতিক্রমী উদ্যোগে সেনাবাহিনীতে ব্যর্থ অভ্যূত্থানের বিষয়টি সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রকাশ করা হয়েছিল।
সেমিনারে উপস্থিত সাংবাদিকরা তাদের অনুসন্ধানের ক্ষেত্রে সামরিক বাহিনীর জনসংযোগ শাখা থেকে যথাযথ সময়ে তথ্য না পাওয়ার কথা তুলে ধরেন।
রাজধানীর মধ্যে অবস্থিত ঢাকা সেনানিবাসের ভেতর দিয়ে গণপরিবহন যাতায়াত করলেও সাংবাদিক পরিচয় দিয়ে ঢুকলে হেনস্তার মুখে পড়তে হয় বলেও অভিযোগ করা হয়।
অভিযোগ শুনে মইনুল ইসলাম বলেন, তারা বিষয়গুলো নিয়ে আলোচনা করবেন এবং পর্যায়ক্রমে তা সমাধানের ব্যবস্থা করবেন।
“আমরা একদিনেই সব করতে পারব না। তবে আমাদের ও গণমাধ্যমের প্রত্যাশার মধ্যে আমরা একটা ভারসাম্য তৈরি করতে চাই,” বলেন তিনি।
সামরিক বাহিনীর জবাবদিহিতা সম্পর্কে সমালোচনার প্রতি ইঙ্গিত করে চিফ অফ জেনারেল স্টাফ বলেন, “সামরিক বাহিনী সরকারের কাছে জবাবদিহি থাকতে বাধ্য। কারণ, তা রাষ্ট্রের বাহিনী এবং সরকার তার বাজেট বরাদ্দ করে।
“প্রতিবছর নিরীক্ষা হচ্ছে এবং অনিয়ম খুবই সামান্য। ওই সামান্য অনিয়ম প্রক্রিয়াগত ভুলের কারণে হয়,” বলেন সেনাবাহিনীতে পদমর্যাদায় দ্বিতীয় শীর্ষ এই কর্মকর্তা।
মইনুল ইসলামের বক্তব্যের আগে প্রতিরক্ষা গোয়েন্দা পরিদপ্তরের পরিচালক এবং সেনা সদরের একজন স্টাফ অফিসার সামরিক বিষয়ে সংবাদ পরিবেশনের ক্ষেত্রে সংশ্লিষ্ট প্রতিবেদকদের সক্ষমতা তৈরির প্রয়োজন তুলে দরেন।
অসতর্কতা ও অজ্ঞতার কারণে অনেক সংবাদ জাতীয় নিরাপত্তার জন্য হুমকি তৈরি করতে পারে বলে উল্লেখ করেন সামরিক গোয়েন্দা শাখার পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল রিদওয়ান আল-মাহমুদ।
গণমাধ্যমকে তথ্য সরবরাহের ক্ষেত্রে আইএসপিআরের দেরির বিষয়ে সাংবাদিকরা অভিযোগে শাখার পরিচালক মো. শাহিনুল ইসলাম বলেন, তারা তাদের দায়িত্বের বিষয়ে সচেতন হলেও তাদের সম্পদের সীমাবদ্ধতা রয়েছে।
“এটা ১৯৮২ সালের অবকাঠামো নিয়ে কাজ করছে, যখন দেশে মাত্র কয়েকটি সংবাদপত্র ও একটি টেলিভিশন ছিল। কিন্তু এখন প্রায় ৩০/৪০টি জাতীয় সংবাদপত্র এবং ১৭টির বেশি টিভি চ্যানেল রয়েছে,” বলেন তিনি।
সশস্ত্র বাহিনীর এই উদ্যোগের প্রশংসা করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের শিক্ষক ড. আবুল মনসুর বলেন, গণমাধ্যমের সঙ্গে যোগাযোগ তৈরিতে এটা সময়োপযোগী পদক্ষেপ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এনআইএইচ/এইচএএইচ/এমআই/০১০৫ ঘ.
bdnews24