চট্টগ্রাম, মে ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বন্দরনগরীর কোতোয়ালি থানার নিউ মার্কেট এলাকায় অভিযান চালিয়ে নিষিদ্ধ ১ হাজার ৬০০টি ইয়াবা ট্যাবলেটসহ দুজনকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
রোববার রাতে এই অভিযান চালানো হয় বলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চট্টগ্রাম অঞ্চলের পরিদর্শক মোহাম্মদ ইব্রাহিম জানিয়েছেন।
গ্রেপ্তার দুজন হলেন- ওয়াহিদুল মুরাদ চৌধুরী (৩০) ও মোমিনুল ইসলাম (২৪)। তারা সাতকানিয়া উপজেলার বাসিন্দা।
ইব্রাহিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “রাত ৮টার দিকে ক্রেতা সেজে নিউ মার্কটের ডায়মন্ড হোটেলে অভিযান চালিয়ে ওয়াহিদুল ও মোমিনুলের কাছ থেকে ১৫শটি ইয়াবা উদ্ধার করা হয়।”
ওয়াহিদুল ও মোমিনুলের দেওয়া তথ্যে জলসা মার্কেটের একটি বাসায় আরো ১০০টি ইয়াবা ট্যাবলেট পাওয়া যায় বলে জানান তিনি।
গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে মামলা করে তাদের পুলিশে তুলে দেওয়া হয়েছে।
দুদিন আগে চট্টগ্রামের একটি গুদামে প্রায় তিন লাখ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে র্যাব, গ্রেপ্তার করা হয় চারজনকে।
যৌন উত্তেজনা সৃষ্টিকারী ইয়াবা দেশে মাদক হিসেবে ব্যবহার করেন অনেকে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এমআই/২৩৩৬ ঘ.
bdnews24