বাগেরহাট, মে ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাগেরহাটের চিতলমারী উপজেলায় ধর্ষণের পর এক শিশুকে হত্যা করা হয়েছে।
শুক্রবার সকালে চিতলমারীর বড়বাড়িয়া মধ্যপাড়া গ্রাম থেকে জাকিয়া সুলতানা (১০) নিখোঁজ হয়।
শনিবার সন্ধ্যায় উপজেলার বড়বাড়িয়া ইউনিয়নের চরপাড়া গ্রামে তার লাশ পাওয়া যায়। রোববার দুপুরে বাগেরহাট সদর হাসপাতালে লাশের ময়নাতদন্ত হয়।
এ ঘটনায় শনিবার রাতে পুলিশ দুখু শেখ (২০) নামে একজনকে আটক করেছে।
নিহত জাকিয়া মোল্লাহাট উপজেলার নতুন ঘোষগাঁতি গ্রামের আব্দুল কাদের মোল্লার মেয়ে। সে কুলিয়া কুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ছাত্রী ছিল।
কিছুদিন আগে জাকিয়া চিতলমারীতে নানার বাড়ি বেড়াতে আসে বলে তার মা জানান।
জাকিয়ার মা ফতেমা বেগম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শুক্রবার সকালে জাকিয়া তার ছোট দুই ভাই শাকিবুল (৩), সাব্বির (৫) ও বোন সাবিয়াসহ (৭) প্রতিবেশী কয়েকটি শিশুকে নিয়ে বাড়ির পাশে একটি ইটভাটায় খেলতে গিয়ে নিখোঁজ হয়।
কিছুক্ষণ পর অন্য শিশুরা ফিরে এসে জানায়, প্রতিবেশী ঠাণ্ডা শেখের ছেলে কালিম শেখ একটি ভ্যানে করে জাকিয়াকে নিয়ে গেছে।
জাকিয়া বা কালিমের কোনো সন্ধান না পেয়ে জাকিয়ার বাবা শনিবার সকালে চিতলমারী থানায় একটি সাধারণ ডায়েরি করেন।
চিতলমারী থানার ওসি হাসান হাফিজুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গ্রামবাসীদের কাছে খবর পেয়ে চরপাড়া গ্রামে একটি পরিত্যক্ত বাড়ি থেকে জাকিয়ার অর্ধনগ্ন হাত-পা ও মুখ বাঁধা মৃতদেহ উদ্ধার করে পুলিশ।
একাধিক ব্যক্তি ধর্ষণের পর মেয়েটিকে হত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
তিনি আরো বলেন, এ ঘটনায় জাকিয়ার বাবা বাদী হয়ে ধর্ষণের পর হত্যার অভিযোগে কালিমসহ অজ্ঞাতনামাদের বিরুদ্ধে একটি মামলা করেছেন। জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ কালিম শেখের ভাই দুখু শেখকে আটক করেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এইচএএইচ/ডিডি/১৯৫৬ ঘ.
bdnews24