ঢাকা, মে ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হরতালের কারণে স্থগিত হওয়া সাব-রেজিস্ট্রার পদে নিয়োগের প্রিলিমিনারি পরীক্ষা আগামী ২৬ মে অনুষ্ঠিত হবে।
রোববার সরকারি কর্ম কমিশনের (পিএসসি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ওই দিন বিকাল ৪টা থেকে ৫টা পর্যন্ত এ পরীক্ষা হবে।
আগারগাঁওয়ের শেরেবাংলা নগর বালক উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রের পরীক্ষা মহাখালীর ওয়ারলেস গেটের পাশে টিঅ্যান্ডটি আদর্শ উচ্চ বালিকা বিদ্যালয় কেন্দ্রে এবং ঢাকা মহিলা পলিটেকনিক ইনস্টিটিউট কেন্দ্রের পরীক্ষা তেজগাঁওয়ের শাহীনবাগ এলাকার সিভিল এভিয়েশন উচ্চ বিদ্যালয় কেন্দ্রে হবে।
অন্য ১৭টি কেন্দ্রের পরীক্ষা পূর্র্বনির্ধারিত কেন্দ্রেই অনুষ্ঠিত হবে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়।
গত ১৮ মে ঢাকার ১৯টি কেন্দ্রে সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত এ পরীক্ষা হওয়ার কথা ছিল।
তবে জ্যেষ্ঠ নেতাদের মুক্তির দাবিতে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট ওইদিন সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল ডাকায় এই পরীক্ষা স্থগিত করে পিএসসি।
আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের নিয়ন্ত্রণাধীন নিবন্ধন পরিদপ্তরের এ নিয়োগ পরীক্ষায় ৪০টি পদের বিপরীতে ৩৮ হাজার চারশ ২৬ জন প্রার্থী আবেদন করেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/এএল/২০০২ ঘ.
bdnews24