চট্টগ্রাম, মে ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বেসরকারি টেলিভিশন একুশের চেয়ারম্যানসহ পাঁচজনের বিরুদ্ধে দুইশ কোটি টাকার মানহানির মামলা করেছেন সানোয়ারা গ্রুপের পরিচালক মুজিবুর রহমান।
রোববার চট্টগ্রামের প্রথম যুগ্ম জেলা জজ মো. বাহাউদ্দিন আহাম্মেদের আদালতে এ মামলা হয়েছে।
মুজিবুর রহমান চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য ও নগর আওয়ামী লীগের সহ-সভাপতি নুরুল ইসলাম বিএসসি’র ছেলে। তিনি সানোয়ারা হোল্ডিংসের পরিচালকও।
মুজিবুর রহমানের আইনজীবী সৈয়দ কুদরত আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গত ২ ও ৩ মার্চ রাতে একুশে টেলিভিশনে নগরীর চান্দগাঁও এলাকায় সানোয়ারা হোল্ডিংস লিমিটেডের প্রকল্পের জমি নিয়ে প্রতিষ্ঠানের পরিচালক মুজিবুর রহমানকে জড়িয়ে সংবাদ প্রচার হয়।
ওই সচিত্র প্রতিবেদনে মুজিবুর রহমানকে ভূমিদস্যু ও চাঁদাবাজ হিসেবে উল্লেখ করা হয়েছে।
তিনি বলেন, “একুশে টেলিভিশনের প্রতিবেদনে মুজিবুর রহমান সামাজিক ও পারিবারিকভাবে হেয় প্রতিপন্ন হয়েছেন। এজন্য দুইশ কোটি টাকার ক্ষতিপূরণ চেয়ে তিনি মামলাটি করেছেন।”
মামলায় বিবাদী করা হয়েছে একুশে টেলিভিশনের চেয়ারম্যান আবদুস সালাম মো করিম, জেনারেল ম্যানেজার মেজর (অব) রেজাউল করিম, সিনিয়র রিপোর্টার মাহাথীর ফারুকী, রিপোর্টার ফারুক হোসেন ও মো. ওসমানকে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এএল/১৯৫৬ ঘ.
bdnews24