কুমিল্লা, মে ২০ (বিডিনিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কুমিল্লায় পেট্রোলের আগুনে স্ত্রীকে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে।
গত ১২ মে নগরীর কৃষ্ণপুর গ্রামের গৃহবধূ নার্গিস আক্তার সুমীর (২৮) গায়ে আগুন লাগে। ঢাকা মেডিকেল কলেজে শনিবার রাতে তার মৃত্যু হয়।
রোববার ময়নাতদন্ত শেষে তার মরদেহে কুমিল্লায় নিয়ে দাফন করা হয়।
স্বামী আবুল বশার সুজনের অনৈতিক সম্পর্কে বাধা দেওয়ায় এ ঘটনা ঘটানো হয়েছে বলে সুমীর স্বজনরা অভিযোগ করেছেন।
সুমী সিটি করপোরেশনের ভল্লবপুর গ্রামের দেলোয়ার হোসেনের মেয়ে।
কুমিল্লা সদর দক্ষিণ থানার ওসি জসীম উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সুমীর মৃত্যু হয়েছে।
“আমরা তার জবানবন্দি নিয়ে রেখেছি। তবে, এখনো কাউকে গ্রেপ্তার করা যায়নি,” বলেন ওসি।
তিনি বলেন, এ ঘটনায় সুমির বাবা বাদী হয়ে সদর দক্ষিণ মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেছেন।
এতে স্বামী আবুল বশার ওরফে সুজন, শাশুড়ি তফুরা বেগম, ননদ সুমী এবং সুজনের ‘প্রেমিকা’ অজুফা বেগমকে আসামি করা হয়।
মামলার নথি থেকে জানা যায়, সুজন তাদের প্রতিবেশী প্রবাসীর স্ত্রীর সঙ্গে অনৈতিক সম্পর্কে জড়িয়ে পড়ে। এতে বাধা দেওয়ায় সুজন ১২ মে সকালে তার স্ত্রীর গায়ে পেট্রোল ঢেলে আগুন দেয়।
বিডিনিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/ডিডি/১৯৩০ ঘ.
bdnews24