২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বার কাউন্সিল নির্বাচন করতে হবে ২০ জুনের মধ্যে

আগামী ২০ জুনের মধ্যে বাংলাদেশ বার কাউন্সিলের নির্বাচন করার নির্দেশ দিয়েছে হাই কোর্ট। এ জন্য ভোটার তালিকা হালনাগাদ করতে হবে ১০ দিনের মধ্যে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 May 2012, 09:56 AM

Updated : 24 Aug 2022, 11:24 AM

ঢাকা, মে ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আগামী ২০ জুনের মধ্যে বাংলাদেশ বার কাউন্সিলের নির্বাচন করার নির্দেশ দিয়েছে হাই কোর্ট। এ জন্য ভোটার তালিকা হালনাগাদ করতে হবে ১০ দিনের মধ্যে। হাই কোর্টে দায়ের করা একটি রিট আবেদনের নিস্পত্তি করে বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী ও মো. জাহাঙ্গীর হোসেনের বেঞ্চ রোববার এ আদেশ দেয়। আদালতে বার কাউন্সিলের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট আব্দুল বাসেত মজুমদার ও অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এমকে রহমান। রিট আবেদনকারীর পক্ষে ছিলেন এম আই ফারুকী ও অ্যাডভোকেট নাজনীন নাহার। ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিশ্বজিৎ রায় সাংবাদিকদের বলেন, আইন অনুসারে ভোটার তালিকা হালনাগাদ করলে এমনিতেই সংশোধন হয়ে যাবে। সুপ্রিম কোর্টের চার আইনজীবীর করা এক রিট আবেদনে বিচারপতি ফরিদ আহাম্মদ ও শেখ হাসান আরিফের হাইকোর্ট বেঞ্চ গত ২৬ এপ্রিল বার কাউন্সিলের নির্বাচনী কার্যক্রম চার সপ্তাহের জন্য স্থগিত করে দেয়। ওই নির্বাচনের ঘোষিত তফসিল এবং ‘ক্রটিপূর্ণ ও ফোলানো-ফাঁপানো’ ভোটার তালিকার ভিত্তিতে পরিচালিত নির্বাচনী প্রক্রিয়া কেন অবৈধ ঘোষণা করা হবে না- তাও জানতে চাওয়া হয়। বার কাউন্সিলের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও সেক্রেটারিকে চার সপ্তাহের মধ্যে এর জবাব দিতে বলা হয়। পরে বার কাউন্সিলের এক আবেদনে গত ৩০ এপ্রিল চেম্বার বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন হাই কোর্টের আদেশ স্থগিত করে বিষয়টি নিয়মিত বেঞ্চে শুনানির জন্য পাঠান। পাশাপাশি নির্বাচনের ১৫ দিন আগেই ভোটার তালিকা সংশোধন করতে বলেন তিনি। এরপর গত ৭ মে বিচারপতি এসকে সিনহার আপিল বিভাগের বেঞ্চ বাংলাদেশ বার কাউন্সিল নির্বাচনের ওপর হাইকোর্টের স্থগিতাদেশ বহাল করে ১৫ দিনের মধ্যে অগ্রাধিকারের ভিত্তিতে রুল নিস্পত্তি করতে বলে। ঘোষিত তফসিল অনুযায়ী ২৮ মে এ নির্বাচন হওয়ার কথা ছিল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/আরএ/জেকে/১৫৪৮ ঘ.