ঢাকা, মে ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মানব পাচার প্রতিরোধ এবং পাচারের শিকারদের রক্ষায় তিন বছর মেয়াদি জাতীয় কর্মপরিকল্পনা হাতে নিয়েছে সরকার।
এই পরিকল্পনা বাস্তবায়নে সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষকে সুনির্দিষ্ট দায়িত্ব নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কামালউদ্দিন আহমেদ।
শনিবার রূপসী বাংলা হোটেলে এই কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে একথা জানান তিনি।
প্রতিরোধ, নিরাপত্তা, বিচার, সম্মিলিত প্রচেষ্টা ও আন্তর্জাতিক সহযোগিতা- এই ৫টিকে প্রধান ক্ষেত্র ধরে সরকার পরিকল্পনা সাজিয়েছে বলে জানান তিনি।
দরিদ্র মানুষই মানবপাচারের শিকার বেশি হয় বলে দেখা যায়। কামালউদ্দিন বলেন, দারিদ্র্য বিমোচন কর্মসূচিতে পাচার প্রতিরোধের বিষয়টির গুরুত্ব অন্তর্ভুক্ত করা সরকারের অন্যতম চ্যালেঞ্জ।
তিনি জানান, পাচার সম্পর্কে মানুষকে সচেতন করা, এবং উদ্ধার ও পুনর্বাসন, পাচার হওয়া ব্যক্তিদের বাড়িতে ফেরত পাঠানো এবং পাচারকারীদের শাস্তি দিতে সরকার উদ্যোগ অব্যাহত রাখবে।
ব্যক্তির পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানগুলোও এই ক্ষেত্রে অবদান রাখতে পারে বলে মনে করেন অতিরিক্ত সচিব।
একই সঙ্গে সরকার ও এনজিও’র মধ্যে অংশীদারিত্বমূলক কাজের পরিসর আরো বাড়ানোর ওপরও জোর দেন তিনি।
কামালউদ্দিন বলেন, মানব পাচার একটি আন্তঃসীমান্ত অপরাধ হওয়ায় দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক চুক্তি সম্পাদনের জন্য আঞ্চলিক অংশীদারিত্ব ও সহযোগিতা অত্যন্ত প্রয়োজন।
উদাহরণ তুলে ধরে তিনি বলেন, ভারতে পাচার হওয়া বাংলাদেশি শিশুদের ফেরত পাঠানোর জন্য সম্প্রতি ইউনিসেফ বাংলাদেশ ভারত ও বাংলাদেশের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠকের উদ্যোগ নিয়েছে।
কামালউদ্দিন বলেন, মানব পাচার কয়েক হাজার কোটি টাকার অপরাধ বাণিজ্য। প্রতিবছর আনুমানিক ৩১ হাজার ৬০০ কোটি ডলারের বাণিজ্য হয় এখাতে। বিশ্বের অপরাধের তালিকায় মাদক ও অস্ত্রপাচারের পর এটি তৃতীয় অবস্থানে আছে।
অনুষ্ঠানে তিনি জানান, সাধারণত অসহায় মানুষ মানবপাচারের শিকার হয়ে থাকে। তাদেরকে যৌনবাণিজ্যে যুক্ত করার পাশাপাশি অঙ্গ-প্রত্যঙ্গ স্থানান্তরের জন্য পাচার করা হয়ে থাকে। উৎস, যাত্রাপথ অথবা গন্তব্য কোনো না কোনোভাবে ১৬১টি দেশ মানব পাচারের শিকার।
পাচার হওয়াদের মধ্যে অধিকাংশেরই বয়স ১৮ থেকে ২৪ বছরের মধ্যে এবং প্রতিবছর আনুমানিক ১২ লাখ শিশু পাচার হয়। ৯৫ শতাংশের বেশি শিকার পাচারকালে শারীরিক বা যৌন নির্যাতনের শিকার হয়। ৪৩ শতাংশ যৌনবাণিজ্যে জড়াতে বাধ্য হয়।
অনুষ্ঠানে আরো জানানো হয়, পাচার প্রক্রিয়ায় যুক্ত বেশিরভাগ সন্দেহভাজনই যে দেশ থেকে পাচার হ, সে দেশেরই নাগরিক। এসব কাজে নিয়োজিত দালালদের ৫২ শতাংশের বেশি পুরুষ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএসজেড/এইচএএইচ/এমআই/২২১৩ ঘ.
bdnews24