লালমনিরহাট, মে ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- লালমনিরহাটের হাতীবান্ধা সীমান্তে মাদক চোরাচালানির সঙ্গে বিজিবির সংঘর্ষ ও গুলিবর্ষণের ঘটনায় মামলা হয়েছে।
গেন্দুকুড়ি বিজিবি সীমান্ত ফাঁড়ির হাবিলদার মানিক হোসেন বাদি হয়ে শনিবার সকালে উপজেলার কালীবাড়ী এলাকার ২২ জনের নাম উল্লেখসহ আরো অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে হাতীবান্ধা থানায় মামলা করেন।
হাবিলদার মানিক হোসেন সাংবাদিকদের জানান, শুক্রবার রাত ১২টার দিকে কালীবাড়ী সীমান্তে মাদক ব্যবসায়ী মটর সাইকেল আরোহী গোমদ্দিন মেম্বারকে গাঁজাসহ আটকের পর চোরাচালানির সঙ্গে গেন্দুকুড়ি সীমান্ত ফাঁড়ির একটি টহল দলের সংঘর্ষ হয়।
“বিজিবি সদস্যদের বেদম মারপিট করে এক বস্তা গাঁজাসহ গোমদ্দিন মেম্বারকে ছিনিয়ে নিয়ে যায় চোরাচালানিরা। তখন বিজিবি সদস্যরা আত্মরক্ষার্থে ছয় রাউন্ড গুলি ছোড়ে,” বলেন তিনি।
চোরাচালানিদের লাঠির আঘাতে বিজিবি সদস্য নায়েক রপিশ চন্দ্র দে জখম হয়েছেন। তাকে হাতীবান্ধা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিজিবির বড়খাতা কোম্পানি কমান্ডার বেলাল হোসেন জানান, চোরাচালানিদের বিরুদ্ধে মামলা হয়েছে।
লালমনিরহাট-৩১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খান মোহাম্মদ সালাহ্উদ্দিন বলেন, ‘‘বিজিবির পক্ষ থেকে মামলা দায়ের করা হয়েছে। আসামি গ্রেপ্তারের জন্য বিজিবি পুলিশকে সহযোগিতা করছে।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরআরডি/১৫২৫ ঘ.
bdnews24