নোয়াখালী, মে ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় ডাকাত সন্দেহে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করেছে গ্রামবাসী।
শনিবার ভোর রাতের দিকে চর ওয়াপদা ইউনিয়নের চর কাজী মোখলেছ গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মো. সেলিম (৫০) চর বজলুল করিম গ্রামের বাসিন্দা ছিলেন।
চরজব্বর থানা উপ-পরিদর্শক মো. রবিউল জানান, শনিবার মধ্যরাতে চর কাজী মোখলেছ গ্রামের আনোয়ারুল হকের খামার বাড়িতে সেলিমসহ ছয় ব্যক্তি ডাকাতির প্রস্তুতি নিচ্ছে- এমন খবরে লোকজন তাদের ধাওয়া করে। এ সময় দলের পাঁচ সদস্য পালিয়ে গেলেও সেলিম ধরা পড়েন। গণপিটুনিতে ঘটনাস্থলে সেলিমের মৃত্যু হয়।
সকালে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
পুলিশ কর্মকর্তা রবিউল জানান, আন্তঃজেলা ডাকাত দলের সদস্য সেলিমের বিরুদ্ধে চরজব্বার থানাসহ বিভিন্ন থানায় অন্তত ১৫টি ডাকাতির মামলা রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরআরডি/এএল/১২০৮ ঘ.
bdnews24