খাগড়াছড়ি, মে ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খাগড়াছড়ির লক্ষ্মীছড়ি জুর্গাছড়ি এলাকায় সন্ত্রাসীদের গুলিতে জনসংহতি সমিতির (জেএসএস) এক নেতা নিহত হয়েছেন।
নিহত অনিল চাকমা গুর্কি (৪৫) জেএসএস লক্ষ্মীছড়ি উপজেলা শাখার আহবায়ক ছিলেন।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানিয়েছে, শনিবার ভোর ৪টা দিকে সন্ত্রাসীরা দরজা ভেঙে ঘরে ঢুকে এলাপাথাড়ি গুলি চালালে ঘটনাস্থলেই তিনি মারা যান। একই সময় গুলিতে ইন্দ্র চাকমা ও অশোক চাকমা নামে আরো দুই জন আহত হয়েছেন।
আহতদের চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। ঘটনাস্থল ও তার আশেপাশে সেনাবাহিনী ও পুলিশ মোতায়েন করা হয়েছে ।
লক্ষ্মীছড়ি থানার ওসি কামরুল হাসান বলেন, “সন্ত্রাসীরা পূর্বপরিকল্পিতিভাবে বাড়িতে হামলা চালিয়ে খুব কাছ থেকে গুলি করে অনিল চাকমাকে হত্যা করেছে। ঘটনার পর তারা বাড়িতে অগুন লাগিয়ে দেয় ।”
লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।
নিহতের স্বজনরা এ ঘটনার জন্য ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টকে (ইউপিডিএফ) দায়ী করেছেন।
অবশ্য ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) খাগড়াছড়ি জেলা সমন্বয়ক রিকো চাকমা বলেন, “ঘটনার সঙ্গে ইউপিডিএফ জড়িত নয়। জেএসএসের দুই গ্র“পের অন্তর্কোন্দলে এ ঘটনা ঘটেছে।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/১০১০ ঘ.
bdnews24