নাটোর, মে ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোরড টকম)- নাটোরের মীরপাড়া এলাকায় কুপিয়ে ও গুলি করে এক যুবলীগকর্মীকে হত্যা করেছে দুর্বৃত্তরা। একই সময় গুলিবিদ্ধ হয়েছেন আরো একজন।
নিহত যুবলীগকর্মী শাহীন হোসেন (৩০) মীরপাড়া এলাকার মোহাম্মদ ফনীর ছেলে। গুলিবিদ্ধ অপর যুবলীগকর্মী বকুল হোসেনকে (২৮) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এলাকাবাসী জানিয়েছে, শুক্রবার রাত ৯টার দিকে তারা মীরপাড়া মসজিদের পাশের আমবাগানে শাহীন ও বকুল বসে ছিলেন। এ সময় দুর্বৃত্তরা তাদের ওপর হামলা চালায়। প্রথমে গুলি ছুড়লেও পরে তাদেরকে কোপানো হয়।
স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় ওই দুই জনকে উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শাহীন হোসেনকে মৃত ঘোষণা করেন। আহত বকুল হোসেনকে রাতেই নাটোর থেকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
লাশ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
জেলা যুবলীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শিমুল জানান, নিহত শাহীন হোসেন ও আহত বকুল হোসেন যুবলীগকর্মী।
নাটোর সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, শাহীন ও বকুলের নামে কয়েকটি মামলা রয়েছে। হামলার সঙ্গে কারা জড়িত তা তদন্ত করে দেখা হচ্ছে।
এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/০৯৩৫ ঘ.
bdnews24