ময়মনসিংহ, মে ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ময়মনসিংহ-৭ আসনের সাংসদ রেজা আলীসহ আওয়ামী লীগের ৫৬ নেতা দলের ত্রিশাল উপজেলা কমিটি থেকে পদত্যাগ করেছেন।
শুক্রবার বিকালে কমিটির দপ্তর সম্পাদক তফাজ্জাল হোসেন মণ্ডল সবার পদত্যাগপত্র একসঙ্গে জমা দেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মতিন সরকারের কাছে।
পদত্যাগকারী নেতাদের মধ্যে রয়েছেন কার্যকরী কমিটির সদস্য সাংসদ রেজা আলী, পৌর মেয়র এ বি এম আনিসুজ্জামান, সাংগঠনিক সম্পাদক উপজেলা ভাইস চেয়ারম্যান শোভা মিয়া আকন্দ ও জিয়াউল হক সবুজ, যুগ্ম-সম্পাদক মেজবাহউদ্দিন, সহ-সভাপতি লিয়াকত আলী প্রমুখ।
দলের জেলা সাধারণ সম্পাদক আব্দুল মতিন সরকার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, উপজেলা কমিটির ভারপ্রাপ্ত সভাপতি ইসমাইল হোসেন ও সাধারণ সম্পাদক আবুল কালামের অসদাচরণ, সাংগঠনিক দুর্বলতা, কেন্দ্রীয় ও দলীয় কর্মকাণ্ডে অংশগ্রহণ না করার অভিযোগ করেন। তাই ভবিষ্যৎ কর্মকাণ্ডের দায়ভার থেকে মুক্ত থাকতে তারা পদত্যাগ করেছেন বলে পদত্যাগপত্রে উল্লেখ করেন।
তিনি আরো বলেন, ৭১ সদস্যের উপজেলা কমিটির চারজন আগেই মারা গেছেন। বাকিদের মধ্যে ৫৬ জন পদত্যাগ করেছেন।
বিষয়টি জেলা সভাপতি সাংসদ মতিউর রহমানকে জানাবেন। এছাড়া জেলা কমিটির সভায় পরবর্তীতে এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান তিনি।
এ ব্যাপারে রেজা আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দীর্ঘদিন ধরে সভাপতি নেতাকর্মীদের কোনো কথা না শুনে নিজের মতো কর্মকাণ্ড চালাচ্ছেন। এ নিয়ে নেতাদের ভেতর ক্ষোভ ছিল। শনিবারও কাঁঠাল ইউনিয়নের কমিটি নিয়ে সাধারণ সম্পাদক খারাপ আচরণ করেন।
শনিবার (১২ মে) ত্রিশাল নজরুল ডিগ্রি কলেজ মিলনায়তনে উপজেলা কমিটির সভা চলাকালে কাঁঠাল ইউনিয়ন কমিটি স্থগিত অথবা বাতিল করা নিয়ে দু’পক্ষের মধ্যে কথা কাটাকাটি, হাতাহাতি ও সংঘর্ষ হয়।
এতে দলের উপজেলা মহিলা বিষয়ক সম্পাদিকা লুৎফুন্নাহার বিউটিসহ কয়েকজন আহত হন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এইচএএইচ/ডিডি/২২১০ ঘ.
bdnews24