সাভার, মে ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কোচিংয়ে পড়ানোর সময় সাভারে পঞ্চম শ্রেণির ছয় শিক্ষার্থীকে মারধরের অভিযোগ উঠেছে এক স্কুল শিক্ষকের বিরুদ্ধে।
পৌর এলাকার বনপুকুর মহল্লায় শুক্রবার সকালে এ ঘটনার পর থেকে শিক্ষক গোলাম মোস্তফা পলাতক রয়েছেন বলে স্থানীয়রা জানিয়েছে।
আহতরা হল স্থানীয় ‘জ্ঞান বিকাশ পাবলিক একাডেমী’র ছাত্র সাকিবুর রহমান অনি, সিজার, রাজু, তানভীর, ইব্রাহীম ও তারিকুল। গোলাম মোস্তফা ওই বিদ্যালয়ের শিক্ষক।
আহত ছাত্রদের মধ্যে সাকিবকে রক্তাক্ত অবস্থায় সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
সাকিবুর রহমান অনি সাংবাদিকদের জানায়, সকাল ৮টার দিকে তারা কোচিং করার জন্য স্কুলের শিক্ষক গোলাম মোস্তফার বনপুকুরের বাসায় যায়। পড়ানোর এক পর্যায়ে একটি অঙ্ক ভুল করলে ওই শিক্ষক পেয়ারা গাছের ডাল দিয়ে তাকে প্রচণ্ডভাবে মারধর করেন। পড়া না পারায় আরো পাঁচজনকেও মারধর করেন তিনি।
সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডা. উম্মে জাহিরা পপি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সাকিবুর রহমানের হাত, পিঠ, বুকসহ শরীরের বিভিন্ন স্থানে ক্ষত সৃষ্টি হয়েছে। তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে।
সাকিবুর রহমানের বাবা আব্দুস সালাম ওই শিক্ষকের শাস্তি দাবি করেছেন।
জ্ঞান বিকাশ পাবলিক একাডেমীর প্রধান শিক্ষক ফখরুল আলম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, অভিযুক্ত শিক্ষক গোলাম মোস্তফাকে স্কুল থেকে বরখাস্ত করার প্রক্রিয়া চলছে।
সাভার উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা তাপস কুমার সরকার বলেন, এ ঘটনায় অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আবুল হোসেন বলেন, ওই শিক্ষকের বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এইচএএইচ/২১০৯ ঘ.
bdnews24