চট্টগ্রাম, মে ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বন্দরনগরী চট্টগ্রামের আসাদগঞ্জে আটক ২ লাখ ৭০ হাজার ইয়াবা ট্যাবলেটের চালানটি ছেড়ে দিতে ‘বিদেশ থেকে’ ফোন পেয়েছে র্যাব।
র্যাব-৭ এর ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর জিয়াউল আহসান সারোয়ার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শুক্রবার বিকাল ৪টার দিকে র্যাব-৭ এর কক্সবাজার ক্যাম্প প্রধান ক্যাপ্টেন রশীদের মোবাইলে ‘অপরিচিত’ একটি নম্বর থেকে ফোন আসে।
“অপর প্রান্ত থেকে এক ব্যক্তি সকালে আটক করা ইয়াবার চালান ছেড়ে দিতে বলে। এর পরপরই লাইন কেটে দেয় সে।”
জিয়াউল আহসান জানান, তারা বিষয়টি জানার পর ওই ফোনে যোগাযোগের চেষ্টা করে সেটি বন্ধ পান।
তিনি বলেন, “যে নম্বর থেকে ফোন এসেছে তা আমাদের দেশের কোনো অপারেটরের নয়। আমরা বিষয়টি খতিয়ে দেখছি।
র্যাব-১ ও র্যাব-৭ এর এক যৌথ অভিযানে শুক্রবার ভোরে আসাদগঞ্জের একটি গুদাম থেকে বরইয়ের বস্তায় করে আনা ২ লাখ ৭০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়।
এ সময় আবদুর রশীদ নামের এক মাদক কারবারি এবং তার তিন সহযোগীকে গ্রেপ্তার করেন র্যাব সদস্যার।
র্যাবের দাবি, আটক করা ইয়াবার বাজার মূল্য আনুমানিক ৯ কোটি টাকা। দেশে এ পর্যন্ত আটক করা ইয়াবার চালানের মধ্যে এটিই সবচেয়ে বড়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/জেকে/১৯২২ ঘ.
bdnews24