কুষ্টিয়া, মে ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় শুক্রবার খাস জমি দখল নিয়ে দু’পক্ষের সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছে।
এ সময় অন্তত আটটি বাড়িতে ভাঙচুর ও লুটপাট হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
চাপড়া ইউনিয়নের চর চাপড়া এলাকায় গড়াই নদীর চর দখলের এ সংঘর্ষে আহতদের কুষ্টিয়া জেনারেল হাসপাতাল এবং কুমারখালী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
হাসপাতালে আছেন আহাম্মেদ আলী (৫২), হাসান (২৪), উজির (৩৫), কেরামত (৩২), জোসনা (১৫), রোকেয়া (৩৫), আর্জিনা (৪২), ওহেদ (২৭), রশিদ (৩৫), সেলিম (২২) ও হারুন (২৯)। বাকি আহতদের নাম জানা যায়নি।
কুমারখালী থানার ওসি আব্দুর রাজ্জাক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকাল সাড়ে ১০টায় গড়াই নদীর চরে জাগা খাস জমির দখল নিয়ে স্থানীয় আকবর ও বদির উদ্দিনের কয়েক’শ নারী-পুরুষ লাঠি ও ফলাসহ বিভিন্ন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রায় দু’ঘন্টা এই সংঘর্ষ চলে।
পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কিন্তু কাউকে গ্রেপ্তার করা য়ায়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এইচএএইচ/১৮৩১ ঘ.
bdnews24