২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘দেশে ফিরে দেখলাম সারি সারি কবর’

স্বদেশ প্রত্যাবর্তন দিবসে দলের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে ১৯৮১ সালের সেই দিনটির স্মৃতিচারণ করেন প্রধানমন্ত্রী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 May 2012, 07:59 AM

Updated : 24 Aug 2022, 11:23 AM

ঢাকা, মে ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নিহত হওয়ার প্রায় ৬ বছর পর দেশে ফেরার সেই দিনটির স্মৃতিচারণ করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার সকালে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে গণভবণে শুভেচ্ছা বিনিময় করতে যাওয়া কেন্দ্রীয় নেতাদের সঙ্গে বসে আবেগাপ্লুত কণ্ঠে বঙ্গবন্ধুকন্যা বলেন, “যখন দেশে ফিরে আমার বাবা-মাকে দেখার কথা, তখন আমি দেখলাম সারি সারি কবর।” ১৯৭৫ সালের ১৫ আগস্ট ঘাতকের গুলিতে পরিবারের প্রায় সব সদস্যসহ নিহত হন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তার পাঁচ বছর নয় মাস পর ১৯৮১ সালের ১৭ মে দেশে ফেরেন শেখ হাসিনা। তার পর থেকে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনগুলো দিনটিকে পালন করে আসছে ‘শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস’ হিসাবে। দলের সভাপতিমণ্ডলীর সদস্য ও জাতীয় সংসদের উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর নেতৃত্বে আওয়ামী লীগ নেতারা বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টায় ধানমন্ডির ৩২ নম্বর সড়কে বঙ্গবন্ধু প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর মধ্য দিয়ে এ দিনের কর্মসূচি শুরু করেন। এরপর শেখ হাসিনার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে সকাল সাড়ে ৯টায় গণভবনে যান কেন্দ্রীয় নেতারা। এ সময় আওয়ামী লীগ সভানেত্রী প্রবাসে থাকা দিনগুলোর কথা স্মরণ করেন এবং দেশে তার অবর্তমানে তাকে দলীয় সভানেত্রী করার বিষয়টি নিয়েও আলোচনা করেন। ১৯৮১ সালের ১৭ মে দেশে ফেরার দিন প্রবল বর্ষণের মধ্যেও মানিক মিয়া এভিনিউয়ে লাখো জনতার সমাবেশের কথা মনে করিয়ে দিয়ে শেখ হাসিনা বলেন, “সেদিন আমি ঠিকমতো কথাও বলতে পারি নাই। আমি কাঁপছিলাম। আমার পাশে পুরো বক্তৃতার সময়টায় আমাকে ধরে দাঁড়িয়েছিলেন সাজেদা ফুপু।” বঙ্গবন্ধুকন্যা বলেন, “১৫ আগস্টের ১৫ দিন আগে দেশের বাইরে গিয়েছিলাম। তখনও জানতাম না যে, ফিরে এসে কাউকে ফিরে পাব না। প্রথমে বিশ্বাস করতে পারি নাই। জার্মানি থেকে দিল্লি ফিরেও আশা ছিল, কাউকে হয়তো ফিরে পাব।” তৎকালীন জিয়াউর রহমান সরকার তাকে দেশে ফিরতে দেয়নি জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, “আমাদের দেশে ফিরতে দেওয়া হলো না। রেহানা তখন ছোট। ওর লেখাপড়া চালানোর মতো তেমন টাকা পয়সাও আমাদের ছিল না। ১৯৭৬ সালে ওকে লন্ডনে পাঠিয়ে দেই। সেখানে তার বিয়ে হয়।” ১৯৮১ সালের ১৪, ১৫ ও ১৬ ফেব্রুয়ারি অনুষ্ঠিত আওয়ামী লীগের জাতীয় সম্মেলনে শেখ হাসিনার অনুপস্থিতিতেই তাকে দলের সভাপতি নির্বাচিত করা হয়। রাজনীতিতে সক্রিয় হওয়া প্রসঙ্গে শেখ হাসিনা বলেন, “সাজেদা আপা মাঝে মাঝে বলতেন, রাজনীতিতে আসতে হবে। কিন্তু, আমি রাজি হই নাই। ড. কামাল হোসেন দিল্লিতে গিয়ে জানতে চান, আমি প্রেসিডিয়াম মেম্বার হবো কিনা। আমি তখন রাজি হই নাই। আমার কাছে জানতে না চেয়েই আমাকে পার্টি প্রেসিডেন্ট করা হয়।” “সংগঠনকে ঐক্যবদ্ধ করতে সাজেদা চৌধুরী আমাকে দায়িত্ব দেওয়ার অনুরোধ করেন। আমিও আমার মনকে সেভাবে তৈরি করেছিলাম। ছোট বাচ্চাকে ফেলে মনকে শক্ত করে দেশে ফিরলাম”, যোগ করেন শেখ হাসিনা। শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস এবং ‘সমুদ্র বিজয়’ উপলক্ষে বিকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে তাকে সংবর্ধনা দেবে ছাত্রলীগ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/আরআরডি/এসইউ/১৩৫৩ ঘ.