ঢাকা, মে ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকার দেশে ‘বিরোধী দল’ বলে কিছু রাখতে চায় না বলেই বিএনপিসহ জোট নেতাদের কারাগারে বন্দি করছে বলে মন্তব্য করেছেন বিরোধী দলীয় প্রধান হুইপ জয়নুল আবদিন ফারুক।
জ্যেষ্ঠ নেতাদের মুক্তির দাবিতে বৃহস্পতিবার হরতাল চলাকালে নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের প্রধান ফটকে পুলিশের ঘেরাওয়ের মধ্যে থেকে তিনি এ মন্তব্য করেন।
ফারুক বলেন, “বর্তমান সরকার দেশে কোনো বিরোধী দল রাখতে চায় না বলে নেতাদের গ্রেপ্তার করে কারাগারে বন্দি করে রেখেছে। পুলিশ দিয়ে দলের কার্যালয় অবরুদ্ধ করে রাখা হয়েছে।”
“এভাবে গ্রেপ্তার ও মিথ্যা মামলা দিয়ে আন্দোলনকে বন্ধ করা যাবে না। হরতাল চলছে, চলবে”, যোগ করেন তিনি।
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ১৮ দলীয় জোটের ৩৩ নেতাকে আদালত গাড়ি পোড়ানোর এক মামলায় কারাগারে পাঠানোর পর সারাদেশে সকাল-সন্ধ্যা এই হরতাল ডাকে বিরোধী দল।
হরতাল সামনে রেখে বুধবার শেষ রাতেই নয়া পল্টনে বিএনপি কার্যালয়ের প্রধান ফটকে অবস্থান নেয় পুলিশ। এর ভেতর থেকেই কার্যালয়ে থাকা নেতাকর্মীরা শ্লোগান দিয়ে কারাবন্দি নেতাদের মুক্তির দাবি জানাচ্ছেন।
সকাল সাড়ে ৯টার দিকে কার্যালয়ের ফটক থেকে বিএনপির শিক্ষা বিষয়ক সম্পাদক খায়রুল কবির খোকনসহ তিনজনকে আটক করে পুলিশ।
বিএনপির যুগ্ম মহাসচিব বরকত উল্লাহ বুলু, মিজানুর রহমান মিনু, মোহাম্মদ শাহজাহান, সাংগঠনিক সম্পাদক মজিবুর রহমান সারওয়ার, কেন্দ্রীয় নেতা হাবিবুর রহমান হাবিব, মোস্তাফিজুর রহমান বাবুল, আজিজুল বারী হেলাল, বেলাল আহমেদ এ সময় সেখানে ছিলেন।
এছাড়া দলের স্থ’ায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, সহসভাপতি আবদুল্লাহ আল নোমান, মহানগর সদস্য সচিব আবদুস সালাম, সহ দপ্তর সম্পাদক আবদুল লতিফ জনি, আসাদুল করীম শাহিন কার্যালয়ের ভেতরে অবস্থান করছিলেন।
বিপুল সংখ্যক পুলিশ ছাড়াও র্যাবও নয়া পল্টন এলাকায় অবস্থান করছে। আছে জলকামান, সাজোয়া গাড়ি ও প্রিজন ভ্যান।
জয়নুল আবদিন ফারুক বলেন, “আমরা সাড়ে তিন বছরে ১৩টি হরতাল করেছি। আর আওয়ামী লীগ এক বছরে করেছিলো ৩৩টি। ৫ বছরে তারা ১৭৫টি হরতাল করেছে। আমরা গণতন্ত্রকে অবরুদ্ধ অবস্থা থেকে মুক্ত করতে হরতাল করছি।”
সরকার ‘দমন-পীড়ন চালালেও’ নির্দলীয় নিরপেক্ষ সরকার ব্যবস্থা পুনর্বহাল, নিখোঁজ ইলিয়াস আলীর সন্ধান এবং নেতাদের মুক্তি না দেওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলেও উল্লেখ করেন তিনি।
বিএনপির যুগ্ম মহাসচিব মিজানুর রহমান মিনু বলেন, “আমরা হরতাল করতে চাই না। সরকার আমাদের বাধ্য করছে। বিএনপির মতো বৃহৎ রাজনৈতিক দলের ভারপ্রাপ্ত মহাসচিব ফখরুল ইসলাম আলমগীরসহ প্রায় সব জ্যেষ্ঠ নেতাকে মিথ্যা মামলা দিয়ে গ্রেপ্তার করেছে। এ রকম অবস্থায় আমরা হরতাল ছাড়া কীভাবে প্রতিবাদ জানাব।”
গত মাসে হরতালের সময় গাড়ি পোড়ানোর মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ১৮ দলীয় জোটের শীর্ষ পর্যায়ের ৩৩ নেতাকে বুধবার কারাগারে পাঠানো হয়।
এর কয়েক ঘণ্টা পর সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল ঘোষণা করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/জেকে/১১০৫ ঘ.
bdnews24