২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভাষা সৈনিক বাহাউদ্দীন চৌধুরী মারা গেছেন

ভাষা সৈনিক এবং স্বাধীনতা সংগ্রামী সাইফুল ইসলাম বাহাউদ্দীন আহমদ চৌধুরী মারা গেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 May 2012, 04:58 PM

Updated : 24 Aug 2022, 11:22 AM

ঢাকা, ১৬ মে (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভাষা সৈনিক এবং স্বাধীনতা সংগ্রামী সাইফুল ইসলাম বাহাউদ্দীন আহমদ চৌধুরী মারা গেছেন। তার পরিবারের সদস্যরা জানান, আগরতলা ষড়যন্ত্র মামলার অন্যতম আসামী রাজধানীর মগবাজারের কমিউনিটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার সন্ধ্যা ৭টায় মারা যান। মৃত্যুকালে সাবেক এই সাংবাদিক ও রাজনৈতিক কর্মীর বয়স হয়েছিল ৮১ বছর। তিনি দুই ছেলেসহ অসংখ্য আত্মীয় ও গুণগ্রাহী রেখে গেছেন। তিনি দীর্ঘদিন যাবত বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। স্বাধীন বাংলাদেশের তথ্য মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিবের দায়িত্ব পালন করেছেন বাহাউদ্দীন। তার মরদেহ রাজধানীর বারডেমের হিমাগারে রাখা হয়েছে। দুই ছেলে যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র থেকে দেশে ফেরার পর তাকে দাফন করা হবে। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা প্রকাশ এবং প্রয়াতের বিদেহী আত্মার শান্তি কামনা করেন। তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদও তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন। ১৯৩১ সালের ৩১ অক্টোবর ঢাকায় জন্মগ্রহণ করেন তিনি। বাহাউদ্দীন চৌধুরী বরিশাল জেলার মেহেন্দীগঞ্জ থানার উলানিয়া গ্রামের বিখ্যাত চৌধুরী পরিবারের সন্তান। ১৯৪৯ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র থাকাবস্থায় তিনি দৈনিক ইনসাফ, দৈনিক সংবাদ, দৈনিক মর্নিং নিউজ, দৈনিক ইত্তেহাদসহ বিভিন্ন পত্রিকায় সাংবাদিকতা করেন। এসময় তিনি ভাষা আন্দোলনে সক্রিয় অংশ নেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে তিনি ছয় দফা প্রণয়নে সহায়তা করেন। কৈশোরেই বঙ্গবন্ধুর সঙ্গে কারাযাপন করেন তিনি। ১৯৭২ সালের জানুয়ারি মাসে বঙ্গবন্ধু তাকে তথ্য মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব পদে নিয়োগ দেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/সিএস/২২৫৩ ঘ.