গাইবান্ধা, ১৬ মে (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - গাইবান্ধার সাঘাটা উপজেলার পদুমশহর ইউনিয়নের ডিমলা গ্রামে এক গৃহবধূকে তার স্বামী পিটিয়ে হত্যা করার অভিযোগ পাওয়া গেছে।
বুধবার সকাল সাড়ে ১১ টায় লাশ উদ্ধার করে গাইবান্ধা মর্গে পাঠিয়েছে পুলিশ।
নিহত মালেকা বেগম (৩৫) ডিমলা গ্রামে ফজলু মিয়ার স্ত্রী এবং পার্শ্ববর্তী জুগিপাড়া গ্রামের গেন্দালু শেখের মেয়ে।
সাঘাটা থানার ওসি আহসান হাবীব জানান, পারিবারিক কলহের জের ধরে মালেকাকে বেদম মারধর করে ফজলু। এতে তার মৃত্যু হয়।
নিহত শরীরে অসংখ্য জখমের চিহ্ন আছে বলে জানান তিনি।
এ ঘটনার পর বাড়ি থেকে পালিয়ে যায় ফজলু।
এ নিয়ে নিহতের বাবা গেন্দালু শেখ বাদি হয়ে থানায় হত্যা মামলা করেছেন বলে জানান ওসি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/১৩৪৮ ঘ.
bdnews24