সাভার, মে ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকার আশুলিয়ায় তৈরি পোশাক কারখানার শ্রমিকদের বহনকারী একটি বাস তুরাগ নদীর ঢালে পড়ে একজন নিহত ও কমপক্ষে ৪৫ জন আহত হয়েছেন।
এ ঘটনায় এপিক গ্র“পের কসমোপলিটন ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেড নামের পোশাক কারখানাটিতে এক দিনের ছুটি ঘোষণা করা হয়েছে।
আশুলিয়া থানার ওসি (তদন্ত) মোস্তফা কামাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বুধবার সকাল সাড়ে ৭টার দিকে সাভারের আশুলিয়া সেতুর কাছে এ দুর্ঘটনা ঘটে। নিহত বাবুল মিয়ার (৩৫) বাড়ি নোয়াখালীর হাতিয়ায়।
ওসি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মিরপুর ১ নম্বর সেক্টর থেকে শ্রমিকদের নিয়ে আশুলিয়ার খেঁজুর বাগানে কসমোপলিটান কারখানায় যাওয়ার পথে বাসটি দুর্ঘটনায় পড়ে।
“আশুলিয়া সেতুর কাছাকাছি এসে অন্য একটি বাসকে পাশ কাটাতে গিয়ে চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি ৪০ ফুট নিচে তুরাগ নদীর ঢালে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই কারখানার সুইং সুপারভাইজার বাবুল মারা যান।”
ওসি জানান, আহতদের সাভার ও আশুলিয়ার বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে ভর্তি করা হয়েছে। বাসটি ওঠানোর কাজ চলছে।
বাসের চালক বা সহকারীকে আটক করা যায়নি বলেও জানান ওসি।
দুর্ঘটনায় আহত শ্রমিক রহমতউল্লাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বাসটি বেপরোয়া গতিতে চলছিল। চালকের আসনে ছিলেন বাসের হেলপার।”
কসমোপলিটান ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেডের উপ-মহাব্যবস্থাপক মুশফিকুর রহমান জানান, দুর্ঘটনার পর কারখানায় এক দিনের ছুটি ঘোষণা করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরআরডি/এসইউ/জেকে/১২২৫ ঘ.
bdnews24