২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জলবায়ু তহবিলের নতুন আট প্রকল্প অনুমোদিত

দুর্গম চর এলাকার জন্য নবায়নযোগ্য জ্বালানি উৎপাদন এবং পরিবেশবান্ধব ‘বন্ধু চুলা’র উন্নয়নসহ আটটি প্রকল্প অনুমোদন দিয়েছে জলবায়ু পরিবর্তন ট্রাস্টি বোর্ড।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 May 2012, 06:20 PM

Updated : 24 Aug 2022, 11:21 AM

ঢাকা, মে ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দুর্গম চর এলাকার জন্য নবায়নযোগ্য জ্বালানি উৎপাদন এবং পরিবেশবান্ধব ‘বন্ধু চুলা’র উন্নয়নসহ আটটি প্রকল্প অনুমোদন দিয়েছে জলবায়ু পরিবর্তন ট্রাস্টি বোর্ড। এসব প্রকল্প বাস্তবায়নে মোট ব্যয় হবে ১১৭ কোটি ৬১ লাখ টাকা। পরিবেশ ও বন মন্ত্রণালয়ের জলবায়ু পরিবর্তন তহবিল থেকে এসব প্রকল্পে অর্থায়ন করা হবে। পরিবেশ ও বন মন্ত্রণালয়ে মঙ্গলবার ট্রাস্টি বোর্ডের সভায় এসব প্রকল্প অনুমোদন দেওয়া হয় বলে বোর্ড সভাপতি পরিবেশমন্ত্রী হাছান মাহমুদ সাংবাদিকদের জানিয়েছেন। অনুমোদিত প্রকল্পের মধ্যে রয়েছে- স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীনে ‘বাংলাদেশের দুর্গম চর ও হাওর এলাকার জন্য নবায়নযোগ্য জ্বালানি উৎপাদন ও উন্নয়ন প্রকল্প। এতে ব্যয় হবে ২৪ কোটি ৩২ লাখ টাকা। পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশনের সহায়তায় প্রকল্পটি বাস্তবায়ন করা হবে। সাতক্ষীরার উপকূলীয় এলাকার জলবায়ু পরিবর্তনের কারণে প্রাকৃতিক দুর্যোগে গৃহহীনদের পুনর্বাসনে ‘গৃহ নির্মাণ ও সুপেয় পানি সংরক্ষণ’ প্রকল্পের অনুমোদন হয়েছে। সাতক্ষীরা জেলা পরিষদের আওতায় ১৭ কোটি ৭ লাখ টাকায় এ প্রকল্পটি বাস্তবায়ন হবে। ২৫ কোটি টাকা ব্যয়ে বন্ধু চুলা নামে পরিবেশ অধিদপ্তরের একটি প্রকল্প অনুমোদন দেয় ট্রাস্টি বোর্ড। এছাড়া ১৪ কোটি ৩৫ লাখ টাকায় ময়মনসিংহ পৌর এলাকার জলাবদ্ধতা নিরসন ও পরিবেশ উন্নয়ন প্রকল্প, ১৫ কোটি টাকায় পরিবেশ অধিদপ্তরের প্রতিবেশগত দুর্গম এলাকায় সমাজভিত্তিক প্রাকৃতিক বৈচিত্র্য সুরক্ষা এবং সামাজিক সুরক্ষা প্রকল্প, ৫ কোটি ৪০ লাখ টাকায় ‘কৃষি আবহাওয়া পূর্বাভাস ও পূর্বসতর্কীকরণ পদ্ধতি’ উন্নয়নের মাধ্যমে খাদ্য নিরাপত্তা ব্যবস্থার উন্নয়ন প্রকল্প, ২৪ কোটি ৯১ লাখ টাকায় বিএডিসির চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় রাবার ড্যাম নির্মাণের মাধ্যমে সেচ উন্নয়ন প্রকল্পও অনুমোদন দেওয়া হয় বোর্ডের সভায়। ১৪ কোটি ৫৯ লাখ টাকায় পানি উন্নয়ন বোর্ডের আওতায় মাদারীপুর জেলার শিবচর উপজেলায় আড়িয়াল খাঁ নদীর বাম তীরের ভাঙন হতে বহেরাতলা বাজার সংরক্ষণ এবং ১ কোটি ৯৫ লাখ টাকায় পাংশা পৌরসভার একটি অবকাঠামো উন্নয়ন প্রকল্পও অনুমোদন করেছে ট্রাস্টি বোর্ড। সভায় অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, খাদ্যমন্ত্রী আব্দুর রাজ্জাক, পানিসম্পদমন্ত্রী রমেশ চন্দ্র সেন, পরিবেশসচিব মেছবাহ উল আলম, ট্রাস্টি বোর্ডের সদস্য কাজী খলিকুজ্জমান আহমদ ও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য হাবিবুর রহমান উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এমআই/২৩৫৫ ঘ.