সিলেট, মে ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এম ইলিয়াস আলীর সন্ধান দাবিতে বিএনপি’র ডাকা হরতালে বিশ্বনাথে সংঘর্ষ ও ভাংচুরের মামলায় আড়াই শতাধিক ব্যক্তির বিরুদ্ধে মঙ্গলবার অভিযোগপত্র দেওয়া হয়েছে।
সিলেটের মুখ্য বিচারিক হাকিম আদালতে মামলার তদন্ত কর্মকর্তা বিশ্বনাথ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. নজরুল ইসলাম অভিযোগপত্র দাখিল করেন।
গত ২৩ এপ্রিল হরতাল চলাকালে তিনজন নিহত হন। ওই রাতেই উপজেলা নির্বাহী কর্মকর্তা বাদী হয়ে পাঁচ হাজার ব্যক্তিকে আসামি করে দ্রুত বিচার আইনে এই মামলাটি করেন।
নজরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান, ছয় ইউপি চেয়ারম্যানসহ ২৫৩ জনকে অভিযুক্ত করা হয়। একজন আসামিকে অভিযোগ থেকে অব্যাহতি দেওয়ার সুপারিশ করা হয়েছে।
এছাড়া হামলায় অংশ নেওয়া মুখোশধারী ও হেলমেট পরা থাকায় প্রায় আড়াই হাজার হামলাকারী শনাক্ত করা সম্ভব হয়নি বলে অভিযোগপত্রে উল্লেখ করা হয়, বলেন নজরুল।
অভিযুক্তদের মধ্যে রয়েছেন সিলেট জেলা বিএনপির সহসভাপতি মো. মোজাহিদ আলী, বিশ্বনাথ উপজেলার ভাইস চেয়ারম্যান মো. গৌছ খান, বিশ্বনাথ সদর ইউপি চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সভাপতি জালালউদ্দিন আহমদ, রামপাশা ইউপি চেয়ারম্যান আনোয়ার খান, দশঘর ইউপি চেয়ারম্যান শফিকউদ্দিন আহমদ, অলঙ্করি ইউপি চেয়ারম্যান লিলু মিয়া, লামাকাজি ইউপি চেয়ারম্যান কবির হোসেন ওরফে দলা মিয়া, উপজেলা জামায়াতের নায়েবে আমির খাজাঞ্চি ইউপি চেয়ারম্যান নিজামউদ্দিন সিদ্দিকী, দেওকলস ইউপি চেয়ারম্যান তাহিদ মিয়া প্রমুখ।
গত ২৩ এপ্রিল এম এলিয়াস আলীর সংসদীয় এলাকায় হরতাল চলাকালে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষে তিন জন নিহত হন। বিভিন্ন সরকারি অফিসে হামলাসহ ব্যাপক ভাংচুর করা হয়।
ওইদিন ঘটনাস্থল থেকে ১৬ জন এবং পরদিন ৪২ জনসহ মোট ৫৮জনকে আটক করে ওই মামলায় গ্রেপ্তার দেখানো হয়। পরে বিএনপি নেতা মোজাহিদ আলী, ইউপি চেয়ারম্যান জালালউদ্দিনসহ মোট ৭৮জনকে মামলায় গ্রেপ্তার দেখানো হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/ডিডি/২১৫৩ ঘ.
bdnews24