নারায়ণগঞ্জ, মে ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় সোমবার রাতে তিন বাড়িতে ডাকাতি হয়েছে।
ডাকাতের হামলায় এক আওয়ামী লীগ নেতাসহ তিনজন আহত হয়েছেন। তারা প্রায় ১৫ লাখ টাকার মালামাল লুট করেছে।
ডাকাতির শিকার ফতেপুর ইউনিয়নের ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি আতাহার মোল্লা সাংবাদিকদের বলেন, রাত সাড়ে ১২টার দিকে তার সুলতানসাদী গ্রামের বাড়িতে দরজা ভেঙে ডাকাত ঢোকে।
ডাকাতরা তাকে কুপিয়ে এবং অন্যদের হাত-পা বেঁধে ১০ ভরি স্বর্ণালংকার, নগদ ৫০ হাজার টাকা মূল্যের দুইটি মোবাইল ফোন সেটসহ মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায়।
একই রাতে ১টার সময় দুপ্তারা ইউনিয়নের সত্যবান্দি মোল্লপাড়া গ্রামের ব্যবসায়ী আনোয়ার হোসেনের বাড়িতে ডাকাত ঢোকে।
এ সময় বাধা দিলে আনোয়ার হোসেন ও তার স্ত্রীকে মারধর করে ডাকাতরা।
তারা নগদ ৫০ হাজার টাকা, এক ভরি স্বর্ণলাংকার, পাঁচটি মোবাইল ফোন সেটসহ মূল্যবান মালামাল লুট করে।
একই সময়ে ডাকাতরা পাশের বাড়ির ব্যবসায়ী করিমের বাড়িতেও ঢোকে।
বাড়ির লোকজনকে রঁশি দিয়ে হাত-পা বেঁধে নগদ এক লাখ ৪০ হাজার টাকা, আট ভরি স্বর্ণালংকারসহ মূল্যবান মালামাল নিয়ে যায়।
ডাকাতির ঘটনাটি টের পেয়ে এলাকাবাসী ধাওয়া করলে ডাকাতদল দুইটি ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়।
ঘটনার সত্যতা স্বীকার করে আড়াইহাজার থানার পরিদর্শক (তদন্ত) মো. গিয়াসউদ্দিন বলেন, এ ব্যাপারে কেউ কোনো অভিযোগ দেয়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২১০০ ঘ.
bdnews24