গাজীপুর, মে ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমস)- প্রকাশিতব্য উপন্যাস ‘দেয়াল’ প্রকাশের ওপর হাই কোর্টের আদেশের বিষয়ে কোনো প্রতিক্রিয়া দেননি হুমায়ুন আহমেদ। আদেশের অনুলিপি পাওয়ার পরই তিনি প্রতিক্রিয়া দেবেন বলে জানিয়েছেন উপন্যাসটির প্রকাশনা সংস্থা অন্যপ্রকাশের কর্ণধার মাজহারুল ইসলাম।
সংবাদপত্রে আগাম প্রকাশিত ওই উপন্যাসের দুটি অধ্যায়ে বঙ্গবন্ধুর ছোট ছেলে শেখ রাসেলের হত্যাদৃশ্যের যে বিবরণ দেওয়া হয়েছে- তাতে আপত্তি জানিয়ে মঙ্গলবার অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বিষয়টি আদালতের নজরে আনেন।
পরে বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী ও জাহাঙ্গীর হোসেনের বেঞ্চ স্বতঃপ্রণোদিত হয়ে এ বিষয়ে একটি আদেশ দেন।
দুপুরে অ্যাটর্নি জেনারেল ‘বিচারক বিষয়টি সংশোধন না করে উপন্যাস প্রকাশে বারণ করেছেন’- এমন কথা জানালেও বিকেলে ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ বি এম আলতাফ হোসেন অ্যাটর্নি জেনারেলের বক্তব্যের ব্যাখ্যা দেন।
তিনি বলেন, “আদালত আশা প্রকাশ করেছে যে, বইটির তথ্যগত ভুল সংশোধন করা হবে।”
হাই কোর্টের রুলে বলা হয়েছে, সংশোধনের সুযোগ দিতে তথ্য ও শিক্ষা সচিবকে হুমায়ূন আহমেদের সঙ্গে যোগাযোগ করে আদালতের স্বীকৃত বঙ্গবন্ধু হত্যা মামলার রায় এবং সাক্ষ্যের বিবরণ সরবরাহের নির্দেশ কেন দেওয়া হবে না, হাই কোর্ট তা জানতে চেয়েছে।
শিক্ষা, তথ্য ও সংস্কৃতি সচিবকে ১২ দিনের মধ্যে এর জবাব দিতে হবে।
সন্ধ্যায় অন্যপ্রকাশের কর্ণধার মাজহারুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরা জানতাম এটি আদালতে উঠবে। তবে আদেশ সংক্রান্ত কোনো কাগজপত্র আমরা এখন পর্যন্ত হাতে পাইনি।”
“আদালতের লিখিত আদেশ হাতে পেলেই স্যার (হুমায়ূন আহমেদ) এ বিষয়ে প্রতিক্রিয়া জানাবেন,” বলেন তিনি।
একুশে ও বাংলা একাডেমী পদকে ভূষিত ঔপন্যাসিক হুমায়ূন আহমেদের বিভিন্ন বইয়ে এর আগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রসঙ্গ এলেও ১৯৭৫ এর ১৫ অগাস্ট তার হত্যাকাণ্ড এবং পরবর্তী ঘটনাবলী নিয়ে এবারই পূর্ণাঙ্গ উপন্যাস লিখছেন এই কথাসাহিত্যিক।
গত ১১ মে ‘দেয়াল’ উপন্যাসের দুটি অধ্যায় প্রথম আলোতে প্রকাশিত হয়। প্রথম আলোতে বলা হয়, ‘দেয়াল’ হুমায়ূন আহমেদের প্রকাশিতব্য রাজনৈতিক উপন্যাস। এ উপন্যাসের পটভূমি ১৯৭৫ সালে ঘটে যাওয়া বঙ্গবন্ধুর নির্মম হত্যাকাণ্ড ও অন্যান্য রাজনৈতিক ঘটনা।
১৯৪৮ সালে জন্ম নেওয়া হুমায়ূন বিশ্ববিদ্যালয় জীবনেই লেখালেখি শুরু করে সাহিত্য সমালোচকদের মনোযোগ আকর্ষণ করেন। তারপর ধীরে ধীরে দেশের জনপ্রিয়তম কথাসাহিত্যিকে পরিণত হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়নের এই শিক্ষক। লেখালেখিতে ব্যস্ত হয়ে ওঠার পর অধ্যাপনা ছেড়ে দেন তিনি।
টিভিতে নাটক লিখে ও নিদের্শনা দেওয়ার পর চলচ্চিত্র নির্মাতা হিসেবেও আত্মপ্রকাশ করেন হুমায়ূন। মুক্তিযুদ্ধ নিয়ে তার চলচ্চিত্র ‘আগুনের পরশমনি’ জাতীয় পুরস্কার পায়।
বৃহদান্ত্রের ক্যান্সারের চিকিৎসার জন্য প্রায় আট মাস যুক্তরাষ্ট্রে কাটিয়ে গত শুক্রবার দেশে ফেরেন হুমায়ূন আহমেদ। কিছুদিন পর অস্ত্রোপচারের জন্য তাকে আবারো নিউ ইয়র্কে যেতে হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রনিধি/সিএস/এএল/২০৩৪ ঘ.
bdnews24